সাভারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১৩ সদস্যকে আটক করেছে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহূত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার ভোর রাতে সাভারের হেমায়েতপুরের হারুলিয়া এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা করে গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
আটক ডাকাতরা হলো কেরানীগঞ্জের কলমাচরের নাজিম উদ্দিনের ছেলে আবুল হোসেন, একই এলাকার মৃত বারেক হোসেনের ছেলে মহি উদ্দিন, জামালপুর জেলার সদর থানার গাবরগালে গ্রামের জব্বার আলীর ছেলে রাজু মিয়া, মাদারীপুরের শিবচর থানার সাবের আলী বেপারী গ্রামের মৃত জুয়েল হাওলাদারের ছেলে সুরুজ মিয়া, মাদারীপুরের শিবচর থানার বয়াতীকান্দি গ্রামের মৃত বিষা মাদবরের ছেলে জালাল মাদবর, মাদারীপুরের শিবচর থানার চরকাচিকাটা গ্রামের মো. সিকান্দার ফকিরের ছেলে আবুল হোসেন ফকির, একই গ্রামের মৃত সোবাহান সিকদারের ছেলে রাসেল শিকদার, ঢাকার আশুলিয়ার দোসাইদ আনারকলি বস্তির মৃত আফসার আলীর ছেলে আমজাদ হোসেন, মানিকগঞ্জের সাটুরিয়ার চরভাটারা গ্রামের মৃত বদ্ধু চন্দ্র মনি দাসের ছেলে পাগল চন্দ্র মনিদাস, মানিকগঞ্জের ঘিওর থানার চরঘিওর গ্রামের মৃত তালেব মল্লিকের ছেলে আইয়ুব আলী, সাদেক মিয়া, মনির হোসেন ও আবুল হোসেন ফকির।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার জানান, আটককৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তারা দীর্ঘদিন ধরে সাভার, আশুলিয়াসহ আশপাশের বিভিন্ন সড়কে ও বাসা বাড়িতে ডাকাতি করে আসছিল। এছাড়া তাদের কাছ থেকে ডাকাতি হওয়া তিনটি গরু উদ্ধার করা হয়েছে।
