জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উদ্যাপনে গতকাল বৃহস্পতিবার গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে একটি বিশেষ প্রস্তুতি অনুষ্ঠানের আয়োজন করে ঢাকায় সংযুক্ত আরব আমিরাত (ইউএই) দূতাবাস। অনুষ্ঠানে আরব আমিরাতের রাষ্ট্রদূত সাইদ মোহাম্মদ আল সেহাইরি, উপ-মিশন প্রধান আবদুল্লাহ আলী আলহামুদি, ঢাকায় মিশরের রাষ্ট্রদূত ওয়ালিদ শামসেইদিন, ওমান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স, তাইব সেলিম আল আওয়ি, লিবিয়া দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স রউমাহ এ আর ইয়াহি এবং ঢাকার অন্যান্য আরব দেশের মিশন প্রধানরা, ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা, এমিরেটাস এয়ারলাইন্সের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পশ্চিম এশিয়া) তরিকুল ইসলাম এতে যোগ দেন। সকালে অতিথিদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
ইউএইর রাষ্ট্রদূত সাইদ মোহাম্মদ বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে বাংলাদেশের মহত্ অনেক অর্জন ও অগ্রগতিতে আমরা বাংলাদেশের মানুষকে অভিনন্দন জানাই। দুই দেশের সম্পর্ক যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি মজবুত। এই সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা এবং সহযোগিতার নীতির ওপর প্রতিষ্ঠিত।
