রাজধানীর বেইলি রোডের অফিসার্স কোয়ার্টারের বাসা থেকে গত বুধবার রাতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণা-লয়ের উপসচিব আব্দুল কাদের চৌধুরীর (৫৯) অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। পরিবারের সদস্যরা বলছেন, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। পুলিশের ধারণা, কয়েক দিন আগে ঘরের মধ্যে তার মৃত্যু হয়। এ কারণে লাশে পচন ধরেছে। আব্দুল কাদের চৌধুরীর মামাতো ভাই কামাল হোসেন কবির বলেন, তিনি অবিবাহিত ছিলেন, কোয়ার্টারে একাই থাকতেন। তার হার্টে সমস্যা ছিল। এক বছর আগে বারডেম হাসপাতালে এ সমস্যা নিয়ে তিনি ভর্তি হন। তার গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশনের দক্ষিণ মাদ্রাজ এলাকায়। গতকাল বৃহস্পতিবার ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে লাশের ময়নাতদন্ত করা হয়। সন্ধ্যায় গ্রামের বাড়ির উদ্দেশে লাশ নিয়ে রওয়ানা হন স্বজনরা। রমনা থানার এসআই ইউনুছ মোল্লা জানান, বুধবার সন্ধ্যায় বাসা থেকে দুর্গন্ধ বের হওয়ায় প্রতিবেশীরা থানায় খবর দেয়। পরে দরজা ভেঙে খাটের ওপর লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে কয়েক দিন আগে তার মৃত্যু হয়েছে।
