সিরাজগঞ্জের এনায়েতপুর থানার গোপালপুর গ্রামের বন্ধন তালিমুল কোরআন নুরানিয়া ও হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আমিরুল ইসলামের হাতে শিশুছাত্র নির্যাতনের ঘটনা নিয়ে ইত্তেফাকসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের পর মাদ্রাসার পক্ষ নিয়ে বিষয়টি মীমাংসার জন্য তদবির শুরু করেছেন স্থানীয় মাতবররা। তবে এ ঘটনায় এখনো কোনো ব্যবস্থা না নেওয়ায় বহাল তবিয়তে রয়েছেন ঐ শিক্ষক।
গত ২ মার্চ মাদ্রাসায় লেখাপড়া করার সময় ঐ শিক্ষক কানে সজোরে থাপ্পড় দিলে আহত হয় শিশু রিফাত (৬)। সে এখনো তার বাম কানে কিছু শুনতে পারছে না বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। তার বাবা বুলবুল ইসলাম জানান, এ নিয়ে বৃহস্পতিবার ইত্তেফাকের প্রথম পাতায় সংবাদ প্রকাশের পর প্রভাবশালী মাতবররা বিষয়টি মীমাংসা করার জন্য বারবার তাগাদা দিচ্ছে। আমরা অসহায় হয়ে পড়েছি। তবে উপজেলা প্রশাসন এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেবার কথা জানিয়েছে। আমরা ঐ শিক্ষকের কঠোর শাস্তি চাই।
এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে মাদ্রাসার সেই শিক্ষক আমিরুল ইসলাম জানিয়েছেন, হঠাত্ করেই ঘটনাটি ঘটেছে। বর্তমানে তা মীমাংসার পর্যায়ে আছে।
এ ব্যাপারে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ জানান, প্রাথমিকভাবে ঘটনা তদন্তে কাজ চলছে। আমি নিজে গিয়ে নির্যাতিত শিশুর সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব।
