উপজেলা চেয়ারম্যান ও এমপির পুত্রসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ০৫ মার্চ ২০২০, ২৩:০৪

ধুনটে উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকন ও সংসদ সদস্য হাবিবুর রহমানের ছেলে আসিফ ইকবাল ওরফে সনিসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খানকে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগে থানায় এ মামলা করা হয়। গত বুধবার রাতে শরিফুল ইসলাম খান এ মামলা করেন।

মামলা সূত্রে জানা যায়, ধুনট সদরের সোনামুখী রোডে থানা আওয়ামী লীগের একাংশের দলীয় কার্যালয়। গত সোমবার রাত ৮টার দিকে ঐ কার্যালয়ে বসে ছিলেন শরিফুল ইসলাম খান। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকন, দলটি থেকে নির্বাচিত সংসদ সদস্য হাবিবর রহমানের ছেলে ও দলটির উপজেলা সহ-সভাপতি আসিফ ইকবাল সনি, যুগ্ম সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মহসীন আলমের নেতৃত্বে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পূর্ব বিরোধের জের ধরে হামলা চালায়। এ সময় শরিফুল ইসলামের হাত-পা পিটিয়ে ভেঙে দেন তারা। উপজেলা চেয়ারম্যান খোকন বলেন, ব্যবসাসংক্রান্ত টাকা নিয়ে শরিফুল ইসলামের সঙ্গে আওয়ামী লীগের সদস্য সেলিমের বিরোধ রয়েছে। এ নিয়ে সেলিম ও শরিফুলের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় তিনি চিকাশি ইউনিয়নে একটি অনুষ্ঠানে ছিলেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে এ মিথ্যা মামলা করা হয়েছে।