বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি মুজিব জন্মশত বার্ষিকীর আবহে ২৮তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলাকে তাত্পর্যপূর্ণ আখ্যায়িত করে বলেছেন, এদেশে কেউ অনেক টাকা কামাবে, কেউ উপোস থাকবে এজন্য স্বাধীনতা আসেনি। এজন্য সবাই মিলেমিশে দেশকে গড়তে হবে। গতকাল বৃহস্পতিবার বিকালে নগরীর পলোগ্রাউন্ড ময়দানে চট্টগ্রাম চেম্বারের উদ্যোগে মাসব্যাপী আয়োজিত আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য মন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, এম এ লতিফ এমপি, এফবিসিসিআইর প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম, সিএমপি কমিশনার মো. মাহবুবর রহমান। স্বাগত বক্তব্য রাখেন মেলা কমিটির চেয়ারম্যান ও চেম্বার পরিচালক সৈয়দ জামাল আহমদ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মেলার উদ্বোধন ঘোষণা করেন এবং অন্য অতিথিবৃন্দকে নিয়ে মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন।
