রায়পুরে প্রচারণায় স্বতন্ত্র প্রার্থীর স্ত্রী-মেয়ে

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ২২:০৭

রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর বাকি মাত্র চারদিন। এরই মধ্যে দলীয় প্রার্থীরা নিজ নির্বাচনী এলাকায় বেশ উত্সব আমেজ নিয়েই প্রচারণার সাথে করছেন উঠান বৈঠকও। প্রচারণায় পিছিয়ে নেই নারীরাও, তারা নির্বাচনে প্রার্থীর পক্ষে ভোট চাইতে যাচ্ছেন ভোটারের দুয়ারে দুয়ারে। লক্ষ্মীপুর-২ রায়পুর সংসদীয় আসনে প্রার্থীদের পাশাপাশি প্রচারণায় নেমেছেন স্ত্রী ও মেয়েরাও। সমানতালে করছেন উঠান বৈঠক, নির্বাচনীয় অফিস উদ্বোধন ও গণসংযোগ। নারী ভোটাররা তাদের কাছে পেয়ে জানাচ্ছেন ইচ্ছা-আকাঙ্ক্ষার কথা। নারীদের সুযোগ-সুবিধা বাড়ানোসহ এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা।

রায়পুর উপজেলা ও লক্ষ্মীপুর সদরের আংশিক নিয়ে লক্ষ্মীপুর-২ আসন। এ আসনে মহাজোট শরিক দলের প্রার্থী এমপি মোহাম্মদ নোমান, স্বতন্ত্র প্রার্থী কাজী শহিদ ইসলাম, ঐক্যফ্রন্টের প্রার্থী সাবেক এমপি আবুল খায়ের ভূইয়া। এরমধ্যে ১৯ ডিসেম্বর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আবুল খায়ের ভূইয়া সরে দাঁড়ান। এতে আওয়ামী লীগের এক ভরসা স্বতন্ত্র প্রার্থী কাজী শহিদ ইসলাম পাপুল। তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের দলীয় সমর্থনও পেয়েছেন। আওয়ামী লীগ সবার চোখ এখন স্বতন্ত্র প্রার্থী পাপুলের দিকে।

শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত রায়পুর পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে নারী ভোটারদের নিয়ে উঠান বৈঠক করেন স্বতন্ত্র প্রার্থীর স্ত্রী সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা শহিদ ইসলাম। উঠান বৈঠকে স্ত্রী-মেয়ে গত পাঁচ বছরে রায়পুরে সরকারের বাস্তবায়নাধীন প্রকল্পসমূহ নারী ভোটারদের সামনে তুলে ধরেন এবং সরকারের ধারাবাহিক উন্নয়নের স্বার্থে স্বতন্ত্র প্রার্থী কাজী শহিদ ইসলাম পাপুলের আপেল প্রতীকে ভোট চান। তারা শহরে গণসংযোগ করে কয়েকটি নির্বাচনী অফিস উদ্বোধন করেন।

উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কাউন্সিলর লিলি আক্তার বলেন, আগে নারীরা কেউ কেউ পুরুষের ইচ্ছায় ভোট দিতেন। এবার তারা নিজের ভোট যাকে খুশি তাকে দেবেন। আগে বহু নারী ভোটকেন্দ্রে যেতে অনীহা প্রকাশ করতেন। এখন নিজের ভোট পছন্দের প্রার্থীকে দেওয়াটা তারা দায়িত্ব মনে করছেন।