মাউশির টিস্যু বক্সে বঙ্গবন্ধুর ছবি, ক্ষুব্ধ শিক্ষা উপমন্ত্রী

আপডেট : ০৬ মার্চ ২০২০, ০০:৪০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসহ জন্মশতবার্ষিকীর লোগো টিস্যু বক্সে ছেপেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ ঘটনায় শুধু শিক্ষা সেক্টরে নয়, তীব্র সমালোচনার ঝড় বইছে দেশব্যাপী। বিষয়টি জানার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী। এ নিয়ে তিনি নিজের ফেসবুক পেজে কড়া স্ট্যাটাস দিয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও কথা জানিয়েছেন।

জানা গেছে, এসএমএস টেকনোলজিস নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ঐ টিস্যু বক্স মাউশিতে সরবরাহ করেছে। বাজারে প্রতিটি বক্সের সর্বোচ্চ খুচরা দাম ৪৫ টাকা হলেও এটির দাম ধরা হয়েছে ৫৬ টাকা। সাদা রঙের বক্সের একপাশে মাউশির লোগো ও নাম এবং আরেকদিকে জাতির জনকের ছবি স্থান পেয়েছে।

মাউশির এক জন পরিচালক, তিন জন উপ-পরিচালক স্বপ্রণোদিত হয়ে এ কাজ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ প্রসঙ্গে মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক ইত্তেফাককে বলেন, সবধরনের স্টেশনারিতে মুজিব জন্মশতবার্ষিকীর লোগো ব্যবহারের সার্কুলার আছে। হয়তো সে কারণে এ লোগো ছাপানো হয়েছে। তবে দরপত্রের শর্তে এ লোগো লাগানোর কথা উল্লেখ নেই। কিন্তু এটি ছাপানো হয়েছে। তিনি বলেন, এ বিষয়ে কমিটি করা হবে।

মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে ঠিকাদারকে দায়ী করা হয়েছে। বলা হয়েছে , মাউশি মুজিববর্ষের লোগো সংবলিত কোনো টিস্যু বক্স ক্রয় করেনি। মাউশির  টিস্যু বক্স কেনার প্রক্রিয়া শুরু করেছে। কিন্তু কারিগরি নির্দেশে টিস্যু বক্সে মুজিববর্ষের লোগো ব্যবহারের কথা বলা হয়নি।

টিস্যুবক্স গ্রহণ কমিটির বক্তব্যে বলা হয়, নিয়মানুযায়ী সরবরাহ করার আগে সরবরাহকারী প্রতিষ্ঠান গ্রহণ কমিটির সদস্যদের নমুনা প্রদর্শন করে। সেই নমুনায় শুধু মাউশির লোগো ব্যবহারের কথা বলা হয়েছে। সরবরাহকারী প্রতিষ্ঠান স্বপ্রণোদিত হয়ে এ কাজ করেছে।