যুদ্ধ এড়াতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান। গতকাল মস্কোতে এই দুই নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। গত কিছু দিন ধরে সিরিয়ায় সংঘর্ষকে কেন্দ্র করে রাশিয়া ও তুরস্কের মধ্যে বিরোধ চলছে। খবর রয়টার্সের
গত সপ্তাহে রাশিয়ার সমর্থনে সিরিয়ার সেনাবাহিনী তুর্কি বাহিনীর ওপর হামলা চালায়। এতে ৩৩ তুর্কি সৈন্য নিহত হয়। এতে ক্ষিপ্ত হন প্রেসিডেন্ট এরদোয়ান। বুধবারও দুই তুর্কি সেনা নিহত এবং কয়েক জন আহত হয়। সিরিয়ার সিভেল ডিফেন্স গ্রুপ হোয়াইট হেলমেট জানিয়েছে, রুশ বিমান হামলায় বৃহস্পতিবারও ১৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আর তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ ঘণ্টায় সিরিয়ার সরকারি বাহিনীর ১৮৪ সেনা নিহত হয়েছে। ক্রেমলিনে প্রেসিডেন্ট এরদোয়ানকে পাশে রেখে প্রেসিডেন্ট পুতিন বলেন, সিরিয়ার ইদলিব প্রদেশে রাশিয়ার বাহিনী যুদ্ধাবস্থার মুখোমুখি হয়েছে। এ অবস্থা এড়াতে আমাদের মুখোমুখি বৈঠক করার প্রয়োজন ছিল। প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, এই বৈঠকের মাধ্যমে যুদ্ধাবস্থা এড়িয়ে যুদ্ধবিরতি কার্যকর করা যাবে বলে তিনি আশা করেন।
