নেত্রকোনা-৩ আসন

নৌকার প্রার্থীর প্রচারণা জমজমাট বিএনপির প্রার্থীর প্রচার নেই

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ২২:১০

নেত্রকোনা প্রতিনিধি ও কেন্দুয়া সংবাদদাতা

নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের নৌকার প্রার্থী আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিলের নির্বাচনী তত্পরতা চোখে পড়লেও বিএনপির প্রার্থী ড. রফিকুল ইসলাম হিলালীর নির্বাচনী প্রচারণা তেমন দেখা যাচ্ছে না। তিনি ঘরে বসে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন।

এই আসনের নৌকার প্রার্থীর সঙ্গে সঙ্গে মূল প্রচারণা চালাচ্ছেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যাপক অপু উকিল। তিনি অসীম কুমার উকিলের সহধর্মিণী। এ কারণে দুটি উপজেলার মহিলাদের নিয়ে তিনি দিন-রাত তার স্বামীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন। এ ছাড়া আটপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি খায়রুল ইসলাম এলাকার নেতাকর্মীদের নিয়ে নৌকার প্রার্থীর পক্ষে প্রচার চালাচ্ছেন। সঙ্গে থাকছেন কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম, সম্পাদক জাহাঙ্গীর আলম এবং পৌর মেয়র আসাদুল হক ভুইয়া প্রমুখ। সেই সঙ্গে নেত্রকোনা থেকে এই আসনের প্রার্থীর পক্ষে যারা প্রচারণা করছেন তাদের মধ্যে জেলা যুব মহিলা লীগের সভাপতি অনীতা নন্দী, সৈয়দা শামসুন্নাহার বিউটি, মুক্তি, মঞ্জু সরকার, জেলা আওয়ামী লীগ সভাপতি মতিয়র রহমান খান, নূর খান মিঠু, জিএম খান পাছঠান বিমল।

এই আসনে বিএনপির প্রার্থী ড. রফিকুল ইসলাম হিলালীর পক্ষে তেমন প্রচারণা দেখা যাচ্ছে না। তার কর্মী বাহিনী দেখা যাচ্ছে না। আওয়ামী লীগের মিছিলে হামলার অভিযোগে তার বিরুদ্ধে কেন্দুয়া এবং আটপাড়া থানায় মামলাও হয়েছে। এই আসনে উপজেলা বিএনপির সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন দুলাল যিনি এলাকায় বেশ জনপ্রিয় ছিলেন, তাকে মনোনয়ন না দেওয়াতে বর্তমানে তিনি এলাকায় নেই। নেই আরও ১৮ জন মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতা। দেলোয়ার হোসেন মনোনয়ন পাবেন এমন নিশ্চয়তা পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান থেকে পদত্যাগও করেছিলেন। কিন্তু মনোনয়ন না পেয়ে এখন তার আম ছালা দুটোই গেল। এই আসনে বাম ঐক্যজোটের প্রার্থী হচ্ছেন সিপিবি নেতা অধ্যক্ষ আনোয়ার হোসেন।