ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা
দিনাজপুর-৫ নির্বাচনী আসনের ১৪ দল ও আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সমর্থনে গত সোমবার বিকাল সাড়ে পাঁচটায় ফুলবাড়িতে ওয়ার্কার্স পার্টির নির্বাচনী শোভাযাত্রাসহ গণসংযোগ করা হয়েছে।
উপজেলা শাখা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির উদ্যোগে দলীয় কার্যালয় থেকে দিনাজপুর-৫ আসনের নৌকার প্রার্থী গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপির সমর্থনে বাদ্য-বাজনা নিয়ে পৌর শহরে শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রা শেষে সুজাপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় আয়োজিত নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক কমরেড শফিকুল ইসলাম শিকদার, উপজেলা শাখা জাতীয় কৃষক সমিতির সভাপতি কমরেড মোশাররফ হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, কৃষক নেতা আলহাজ মোজাম্মেল হোসেন, এলুয়ারি ইউনিয়ন কৃষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ।
পরে পৌর এলাকার বিভিন্ন মহল্লায় ১৪ দল মনোনীত নৌকার প্রার্থীর পক্ষে গণসংযোগ চালিয়ে ভোটারদের কাছে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন ওয়ার্কার্স পার্টির নেতা-কর্মীরা।
