মাটি ও পানি দুটিই পরিবেশের উপাদান
বিজ্ঞান
হিমন এডওয়ার্ড গমেজ, সিনিয়র শিক্ষক
সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
সুপ্রিয় বন্ধুরা, একটু একটু করে পড়লে দেখবে তোমার আর কোনো বিষয়ই কঠিন মনে হবে না।
১. জনসংখ্যা বৃদ্ধির ফলে কেন পরিবেশ দূষিত হয়?
উত্তর : জনসংখ্যা বৃদ্ধির ফলে বাড়তি জনসংখ্যার চাহিদা মেটানোর জন্য মানুষ পরিবেশের বিভিন্ন উপাদান ব্যবহার করছে। এতে পরিবেশের বিভিন্ন উপাদানের পরিবর্তন হচ্ছে। ফলে পরিবেশ দূষিত হচ্ছে। যেমন— মানুষ তার খাদ্যের চাহিদা পূরণের জন্য গাছপালা কেটে ফসল চাষ করছে। আবার আসবাবপত্র, কলকারখানা তৈরির জন্য গাছপালা কাটা হচ্ছে। এতে পরিবেশ দূষিত হচ্ছে। এছাড়া বাড়তি জনসংখ্যার খাদ্যের চাহিদা পূরণের জন্য জমিতে অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহার করা হচ্ছে। যা বৃষ্টির পানির সাথে মিশে পানি দূষিত করছে। বাড়তি জনসংখ্যার চাহিদা মেটাতে অতিরিক্ত যানবাহন ব্যবহার করা হচ্ছে। ফলে এ থেকে নির্গত ধোঁয়া দিয়ে বায়ু দূষণ হচ্ছে। জনসংখ্যা যত বৃদ্ধি পাবে এসব কর্মকাণ্ড তত বেশি বৃদ্ধি পাবে, ফলে পরিবেশ আরও বেশি দূষিত হবে।
২.মাটি ও পানি দূষণের সাদৃশ্য কোথায় ?
উত্তর : মাটি ও পানি দূষণের সাদৃশ্য নিম্নরূপ—
মাটি ও পানি দুটিই পরিবেশের উপাদান। তাই উপাদান দুটি দূষিত হলে পরিবেশও দূষিত হয়।
দুটি দূষণের একটি বড় কারণ হলো জনসংখ্যা বৃদ্ধি। প্রয়োজনীয় খাদ্য ও প্রাকৃতিক সম্পদের জন্য মাটি ও পানি উভয়ই দূষিত করে।
দুটি দূষণ মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের ফলে হয়ে থাকে।
রাসায়নিক সার, কীটনাশক, গৃহস্থালির বর্জ্য, রাসায়নিক বর্জ্য ইত্যাদি ক্ষতিকর পদার্থ মাটি ও পানি উভয় ধরনের দূষণ ঘটায়।
উভয় দূষণই মানুষের বিভিন্ন ধরনের রোগ সৃষ্টির জন্য দায়ী।
৩.পরিবেশ দূষণের কারণসমূহ লেখ।
উত্তর : পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ হলো শিল্পায়ন। শিল্প কারখানা সচল রাখতে বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানি যেমন— তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদির ব্যবহার পরিবেশ দূষণের প্রধান উত্স। জনসংখ্যা বৃদ্ধি পরিবেশ দূষণের আরও একটি বড় কারণ। প্রয়োজনীয় খাদ্য ও প্রাকৃতিক সম্পদের জন্য মানুষ পরিবেশ ধ্বংস করছে। পরিবেশের বেশির ভাগ দূষণ মানুষের দৈনিক কর্মকাণ্ডের ফলেই হয়ে থাকে।
৪.রহমান সাহেবের শিল্প কারখানাটি সচল রাখতে বিভিন্ন ধরনের জীবাশ্ম ব্যবহার করেন। এই জ্বালানি পরিবেশের কী ক্ষতি করে? পরিবেশের ওপর এর তিনটি প্রভাব লেখ।
উত্তর : রহমান সাহেবের শিল্প কারখানায় জীবাশ্ম জ্বালানি হিসেবে তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদি ব্যবহার করেন। যা পরিবেশ দূষণ ঘটায়। পরিবেশের ওপর এর তিনটি প্রভাব নিম্নে দেয়া হলো—
১.দূষণের ফলে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে যেমন— ক্যান্সার, শ্বাসজনিত রোগ, পানিবাহিত রোগ ইত্যাদি।
২.দূষণের ফলে জীবজন্তুর আবাসস্থল নষ্ট হচ্ছে।
৩.পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে।
