শুরু হচ্ছে ৬ষ্ঠ বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড

আপডেট : ০৬ মার্চ ২০২০, ২০:৩১

মাহবুব শরীফ

 

শুরু হতে যাচ্ছে বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০২০-এর কার্যক্রম। গতকাল আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয় তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত সংবাদ সম্মেলনে। বেসিস অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বেসিসের পক্ষে বক্তব্য রাখেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর, বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০২০-এর আহ্বায়ক ও বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি ফারহানা এ রহমান, ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী, ব্যাংক এশিয়ার আন্তর্জাতিক বিভাগের প্রধান জিয়া আরফিন এবং বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০২০-এর যুগ্ম আহ্বায়ক ও বেসিস পরিচালক রাশাদ কবির। অন্যান্যের মধ্যে বেসিসের সহসভাপতি (প্রশাসন) শোয়েব আহমেদ মাসুদ ও সহসভাপতি (অর্থ) মুশফিকুর রহমান। 

বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০২০-এর আহ্বায়ক ও বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি ফারহানা এ রহমান বলেন, বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড বেসিসের একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম। নানা কারণে গত কয়েক বছর আমরা এটি আয়োজন করতে পারিনি। আমরা আশা করছি এখন থেকে বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ডের বার্ষিক কার্যক্রম নিয়মিতভাবে করা হবে। তিনি আরো উল্লেখ করেন যে, কোম্পানি ক্যাটাগরিতে তিনটি, ব্যক্তি ক্যাটাগরিতে দুইটিসহ মোট ৫টি ক্যাটাগরিতে সর্বমোট ১০০টি অ্যাওয়ার্ড প্রদান করা হবে। এবারে একটি নতুন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হবে সেটি হলো এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড। সরকার ঘোষিত ১০ শতাংশ রপ্তানি ভর্তুকির জন্য যারা ২০১৮-১৯ অর্থবছরে আবেদন করেছেন তাদের মধ্যে থেকে ৮টি প্রতিষ্ঠানকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হবে। নারীদের ঘরে বসে অনলাইন আউটসোর্সিংয়ে উত্সাহিত করতে পৃথক নারী ক্যাটাগরিতেও তিনটি অ্যাওয়ার্ড দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন। 

ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী বলেন, বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ডের স্পন্সর হিসেবে ব্যাংক এশিয়া বিগত সময়েও বেসিসের সঙ্গে একাত্ম হয়ে এ কাজে অংশ নিয়েছে।

বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড আয়োজনে বেসিসের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো সরকারের ২০২৩ সাল নাগাদ ৫ বিলিয়ন মার্কিন ডলার আয়ের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে উত্সাহিত করা। পাশাপাশি আমরা মনে করি, যারা এখন ব্যক্তি পর্যায়ে আউটসোর্সিং কাজে নিয়োজিত তারা যেন নিকট ভবিষ্যতে একজন উদ্যোক্তা হিসেবে কোম্পানি গঠন করে বেসিসের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় প্রত্যক্ষভাবে অংশ নিতে পারে। তাছাড়া সরকার এখন রপ্তানি আয়ের উপর ১০ শতাংশ নগদ প্রণোদনা দিচ্ছে যা কোম্পানিগুলোই কেবল নিতে পারবে। 

বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০২০ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন http://outsourcingaward. basis.org.bd/ ঠিকানা থেকে।