‘জয় বাংলা কনসার্ট ২০২০’ আজ

মুজিববর্ষে আয়োজনে ভিন্নমাত্রা

আপডেট : ০৬ মার্চ ২০২০, ২০:৩৩

বিনোদন রিপোর্ট

 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের দিন গত কয়েক বছর ধরে আয়োজিত হয়ে আসছে ‘জয় বাংলা কনসার্ট’। সেই ধারাবাহিকতায় আজও রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই আয়োজন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবর্ষকে ঘিরে চলা আয়োজন এবার ভিন্নমাত্রা যোগ করবে জয় বাংলা কনসার্টে। সেন্টার অব রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) প্রতিষ্ঠান ইয়াং বাংলার তত্ত্বাবধায়নে ষষ্ঠবারের মতো আয়োজন করা হচ্ছে ‘জয় বাংলা কনসার্ট’।

রেসকোর্স ময়দানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ স্মরণ করে এবং সেই ভাষণের গুরুত্ব সম্পর্কে তরুণ প্রজন্মকে অবগত করার লক্ষ্যে বিগত ৫ বছর ধরে আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে আসছে ‘জয় বাংলা কনসার্ট’।

এবারের আয়োজনে স্বাধীনবাংলা বেতারে প্রচারিত স্বাধীনতার গান গেয়ে মঞ্চ মাতাবে দেশের জনপ্রিয় ব্যান্ড দলগুলো। সেই সঙ্গে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ এবং মুক্তিযুদ্ধভিত্তিক গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থাকছে কনসার্টে।

৭ মার্চের এবারের আয়োজনে থাকছে আরো বেশকিছু ভিন্নমাত্রা ও চমক। এদিন দুপুর ১টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে কনসার্টটি। এতে অংশ নেবে দেশের জনপ্রিয় ব্যান্ডদল এফ মাইনর ব্যান্ড, মিনার রহমান, ভাইকিং, এভোয়েড রাফা, ক্রিপটিক ফেইট, লালন, শূন্য, আরবোভাইরাস, চিরকুট, নেমেসিস ও ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ড। সিআরআই জানায়, এবারের কনসার্টে নতুন বেশকিছু ব্যান্ডদলকে যোগ করা হয়েছে ভিন্নতা আনার জন্য। প্রতিবছরের মতোই প্রতিটি ব্যান্ড নিজেদের গান পরিবেশনের পাশাপাশি স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের গান পরিবেশন করবে। মুজিববর্ষ উপলক্ষে এবারের কনসার্টে সকলের জন্য থাকবে বেশকিছু চমক। কনসার্ট শুরু হওয়া পর্যন্ত দর্শকদের অপেক্ষা করতে হবে।

এবারের ‘জয় বাংলা কনসার্ট’ আয়োজন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হয় আসন্ন জয় বাংলা কনসার্টের টি-শার্ট, মগ ও পোস্টার।

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ট্রাস্টি এবং বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু গণভবনে প্রধানমন্ত্রীর হাতে এসব তুলে দেন।

২০১৪ সালে ইয়াং বাংলা আত্মপ্রকাশের পর ২০১৫ সালে প্রথম আয়োজন করা হয় ‘জয় বাংলা কনসার্ট’। তরুণদের কাছে দারুণ জনপ্রিয় এই কনসার্টটি এরপর থেকে প্রতিবছর আয়োজন করে আসছে তারুণ্যের সর্ববৃহত্ প্লাটফর্ম ইয়াং বাংলা। তরুণদের কাছে জনপ্রিয় ব্যান্ডদলগুলো নিয়ে হওয়া এই আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের পাশাপাশি মুক্তিযুদ্ধভিত্তিক গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করে দেশপ্রেমে উদ্বুদ্ধ করা হয় আগামী প্রজন্মকে।