‘অপেক্ষা বাড়লে দর্শকদের আগ্রহ বোঝা যায়’

আপডেট : ০৬ মার্চ ২০২০, ২০:৩৪

বিনোদন রিপোর্ট

 

চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর বছরের প্রথম সিনেমা মুক্তি পেতে যাচ্ছে ২০ মার্চ। এরইমধ্যে সিনেমাটি নিয়ে বেশ আলোচনা চলছে। গান রিলিজ, পোস্টার উন্মোচন এসব দিয়ে রয়েছে সিনেমাটি। দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুড়বাড়ি জিন্দাবাদ ২’ সিনেমাটির মধ্য দিয়ে পর্দায় অনেকদিন পর আসছেন অপু বিশ্বাস। অন্যদিকে বাপ্পী-অপু জুটির প্রথম সিনেমা এটি। গতবছর সিনেমাটি মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত এই বছর এসে চূড়ান্ত হলো মুক্তির তারিখ।

বাপ্পী বলেন, ‘বিভিন্ন কারণে সিনেমাটি গতবছর মুক্তি পায়নি। তবে একটি বিষয় বুঝলাম সিনেমাটি মুক্তি নিয়ে দর্শকদের অনেকেই আমাকে বহুবার জিজ্ঞেস করেছেন—কেন দেরি হচ্ছে সেই বিষয়টি নিয়ে। অপেক্ষা বাড়লে দর্শকদের আগ্রহ বোঝা যায়। আশা করবো দর্শকরা যেমন আগ্রহ নিয়ে অপেক্ষায় ছিলেন হলে গিয়ে তেমনটা বিনোদন নিয়েই বের হবেন। সেই বিশ্বাস রয়েছে।’

উল্লেখ্য, ১৭ বছর আগে পরিচালক দেবাশীষ বিশ্বাস নির্মাণ করেছিলেন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবিটি। রিয়াজ ও শাবনূর অভিনীত ছবিটি সে সময় তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। প্রায় দুই দশক পর জনপ্রিয় সেই চলচ্চিত্রের সিক্যুয়েল নিয়ে হাজির হচ্ছেন পরিচালক দেবাশীষ।