বিভিন্ন স্থানে যোগদান অনুষ্ঠান

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ২২:১১

ইত্তেফাক ডেস্ক

দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও জাতীয় পার্টিসহ অন্যান্য দলের নেতাকর্মীরা যোগদান করেছেন আওয়ামী লীগে। ইত্তেফাক সংবাদদাতাদের পাঠানো খবর ঃ

আগৈলঝাড়া (বরিশাল): বরিশাল-১ আসনে বিএনপি প্রার্থী সাবেক এমপি জহির উদ্দিন স্বপনের নির্বাচনী মাঠে নিষ্ক্রিয়তায় একের পর এক আগৈলঝাড়ায় বিএনপিসহ জাতীয় পার্টি ও অন্যান্য দলের সহস্রাধিক নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা দফায় দফায় আওয়ামী লীগে যোগদান করেছেন।

আওয়ামী লীগ প্রার্থী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির চেয়ারম্যান, মন্ত্রী পদমর্যাদায় পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ’র নৌকা মার্কার সমর্থনে সোমবার গৈলা ইউনিয়নের রামের বাজার টলঘরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় আওয়ামী লীগ নেতৃবৃন্দের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপি নেতা তাজমীর মোল্লা ও খোরশেদ মোল্লার নেতৃত্বে শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। অন্যদিকে মঙ্গলবার মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আয়োজনে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উঠান বৈঠকে কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য ও ঢাকা মহানগর জাপার সদস্য অ্যাডভোকেট সেরনিয়াবাত সেকেন্দার আলী প্রধান অতিথি আবুল হাসানাত আবদুল্লাহর হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। এছাড়া একইদিন সন্ধ্যায় উপজেলা সদরের আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে এমপি আবুল হাসানাত আবদুল্লাহর হাতে ফুল দিয়ে ফুল্লশ্রী গ্রামের এনায়েত হোসেন ফকির ও খোরশেদ আলীর নেতৃত্বে ফকির বংশের অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।

মানিকছড়ি (খাগড়াছড়ি): মঙ্গলবার নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারণা ও পথসভায় আওয়ামী লীগ প্রার্থীর হাতে নৌকা ও ফুল দিয়ে ২ সহস্রাধিক বিএনপি-জামায়াতের নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছে।

ত্রিশাল (ময়মনসিংহ): মঙ্গলবার ত্রিশালে বিএনপির ২ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। এ লক্ষ্যে স্থানীয় সরকারি নজরুল একাডেমি মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহাজোট প্রার্থী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাফেজ রুহুল আমিন মাদানী। পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল মুনসুর মাস্টারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য আ. মতিন সরকার, ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক নবী নেওয়াজ সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আকন্দ, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম প্রমুখ।