শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকসংকট থাকায় ব্যাহত হচ্ছে নিয়মিত পাঠদান। বর্তমানে বিদ্যালয়টিতে ৫৩ জন শিক্ষকের বিপরীতে রয়েছে মাত্র ২০ জন। ৩৩ জন শিক্ষক না থাকায় অনেক সময় বন্ধ থাকে বিভিন্ন বিষয়ে পাঠদান। এতে সঠিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। এমতাবস্থায় এসএসসি ও জেএসসি পরীক্ষার ফলাফলও সন্তোষজনক হচ্ছে না বলে অভিযোগ শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের। শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সূত্র জানায়, ১৯৭৮ সালে জেলা শহরে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। ১৯৮১ সালে সরকারি হয় বিদ্যালয়টি। সরকারিকরণের পর থেকেই বিদ্যালয়টিতে শিক্ষক সংকট সৃষ্টি হয়। ২০১৭ সাল থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে স্কুলটি।
বাংলার শিক্ষক রতন চৌধুরী জানান, একজন শিক্ষক প্রতিদিন তিন হতে চারটি ক্লাস নিতে পারেন। শিক্ষকসংকট থাকায় বর্তমানে একজনকে ছয়টি করে ক্লাস নিতে হচ্ছে।
মো. এসকান্দার মিয়া নামে এক অভিভাবক বলেন, আমার মেয়ে দশম শ্রেণির ছাত্রী। প্রায়ই বাড়ি ফিরে জানায়, তাদের বিভিন্ন বিষয়ে পাঠদান করানো হয় না। শিক্ষক নিয়োগ না দিলে আগামী এসএসসি পরীক্ষার ফলাফল খারাপ হতে পারে। বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন। নবম শ্রেণির সমন্না দাস, দশম শ্রেণির ইফরিত আলম ও মাহিরা ইসলাম জানায়, প্রায়ই তাদের বাংলা, ইংরেজি ও গণিতসহ বিভিন্ন বিষয়ে পাঠদান করানো হয় না। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, অল্পসংখ্যক শিক্ষক দিয়ে বিদ্যালয়ের মান ঠিক রাখা কঠিন। কর্মরত শিক্ষকদের নিয়ে একধরনের যুদ্ধ করে যাচ্ছি।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক কাজী আবু তাহের বলেন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সংকটের বিষয়টি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়কে অনেকবার অবহিত করা হয়েছে। তারা জানিয়েছে, শিক্ষক নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে। কিছু খণ্ডকালীন শিক্ষক নিয়োগ দিয়ে এ সমস্যার অস্থায়ী সমাধান করা হবে। এ ব্যাপারে জেলা শিক্ষা কর্মকর্তা ইমারত হোসেন জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
