শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনে চারজন প্রার্থী থাকলেও মূলত লড়াই হবে মহাজোট প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার সামিলউদ্দিন আহমেদ শিমুল ও ঐক্যজোট বিএনপি নেতা ধানের শীষের প্রার্থী অধ্যাপক শাহাজাহান আলি মিঞার মধ্যে। পর-পর দুইবার আওয়ামী লীগের দখলে থাকা আসনটি ধরে রাখতে ডাক্তার শিমুল তার সমর্থকদের নিয়ে মরিয়া হয়ে উঠেছেন। অবিরাম গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে শিবগঞ্জ আসনে পর পর ছয়বার নির্বাচিত ঐক্যজোটের পক্ষ থেকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বিএনপি নেতা ধানের শীষের প্রার্থী অধ্যাপক শাহাজাহান আলি মিঞা আসনটি পুনরুদ্ধারে মাঠ চষে বেড়াচ্ছেন। গণসংযোগের সময় তিনি তার আমলের শিবগঞ্জের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের চিত্র তুলে ধরছেন। আওয়ামী লীগের রাজনীতিতে একদিকে চলছে জোরালা গণসংযোগ ও প্রচার অভিযান। অন্যদিকে দলের লবিং-এর জের এখনো কাটেনি। মনোনয়ন-বঞ্চিতরা এখনো সবাই সরাসরি মাঠে না নামায় বিরোধীপক্ষ কিছুটা হলে সুযোগ নিচ্ছে।
বিভিন্ন এলাকার সাধারণ ভোটারদের মতে- উপজেলার দাইপুকুরিয়া, শাহাবাজপুর, কানসাট, মোবারকপুর, চককীর্তি, ধাইনগর ও শিবগঞ্জ পৌরসভাসহ বেশ কয়েকটি ইউনিয়নের আওয়ামী লীগের অবস্থান খুব একটা ভালো নয়। এ ইউনিয়নগুলোয় এখনো আওয়ামী লীগের লবিং-গ্রুপিং বিদ্যমান। তাছাড়া এগুলোতে জামায়াতের অবস্থান কিছুটা ভালো এবং তারা বিএনপির পক্ষে প্রকাশ্যে মাঠে না নামলেও গোপনে ধানের শীষের পক্ষে তাদের গণসংযোগ চলছেই। সবমিলিয়ে ২০০৮ সালে এ ইউনিয়নগুলোতে আওয়ামী লীগের যে ঘাঁটি সৃষ্টি হয়েছিল তা অনেকটাই মলিন হতে চলেছে। ভোটারদের মতে, সবমিলিয়ে বর্তমানে শিবগঞ্জের যে অবস্থা তাতে আওয়ামী লীগের সব নেতা একসাথে কাজ করলে নৌকার প্রার্থী ডাক্তার শিমুলের জয়ের সম্ভাবনা বেশি। আর তা না হলে শিবগঞ্জে আওয়ামী লীগকে আগের অবস্থানে ফিরে যেতে হবে।
