বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা
মৌলভীবাজারের বড়লেখায় পাখি শিকারিদের বিষটোপে জাহাঙ্গীর আলম নামে এক খামারির শতাধিক হাঁস মারা যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকালের দিকে হাকালুকি হাওরের হাল্লা গ্রামের অদূরে বটরকিত্তা নাম এলাকায় এই ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় খামারের মালিক জাহাঙ্গীর আলম বড়লেখা থানায় এইদিন বিকালে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে হাঁসগুলোকে খামার থেকে বের করে হাওরের বটরকিত্তা এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে খাবার খাওয়ার পর হাঁসগুলো মারা য়ায়। এ ঘটনায় জাহাঙ্গীরের প্রায় শতাধিক হাঁস মারা যায়। এছাড়া আরো প্রায় ৪০টি হাঁস অসুস্থ অবস্থায় আছে। এ ঘটনায় খামারের মালিক জাহাঙ্গীর আলম এইদিন বিকালে বড়লেখা থানায় চার জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দিয়েছেন। এই চার ব্যক্তি স্থানীয়ভাবে পাখি শিকারি হিসেবে পরিচিত। হাওরে পাখি শিকারের জন্য তাদের ছিটানো বিষযুক্ত ধান বা গম জাতীয় কিছু খেয়ে হাঁসগুলো মারা গেছে— এমনটি ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানিয়েছেন, হাওরে বেশ কয়েক জন চিহ্নিত ব্যক্তি রয়েছেন যারা প্রতিনিয়ত বিষটোপ দিয়ে বিভিন্ন প্রজাতির পাখি নিধন করেন। শিকারিরা স্থানীয় প্রভাবশালী হওয়ায় এদের বিরুদ্ধে প্রকাশ্যে কেউ প্রতিবাদ করেন না।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিনুল হক শুক্রবার বিকালে বলেন, ‘বিষটোপে হাঁস মারা যাওয়ার বিষয়ে একজন খামারি লিখিত অভিযোগ দিয়েছেন। এতে চার জনের নাম উল্লেখ করেছেন। তার সন্দেহ এদের ছিটানো বিষযুক্ত খাবার খেয়ে হাঁসগুলো মারা গেছে। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে।’
