ঝিনাইদহে ক্যাপসিকাম চাষে সাফল্য

আপডেট : ০৬ মার্চ ২০২০, ২১:৩১

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুসুমপুর গ্রামে বিদেশি সবজি ক্যাপসিকাম চাষে সফল হয়েছেন আলমগীর কবির মিন্টু। তার হাত ধরে ঝিনাইদহ জেলায় এই প্রথম ক্যাপসিকাম চাষ হলো।  আলমগীর কবির মিন্টু জানান, গত বছর বীজ সংগ্রহ করে অক্টোবর মাসে বীজতলা তৈরি করি। নভেম্বরে দুই বিঘা জমিতে ৯ হাজার চারা রোপণ করি। রোপণের দুই মাস পর গাছগুলোতে ফল ধরতে শুরু করে। প্রতি গাছে ১২ থেকে ১৫টি করে ফল ধরেছে। এখন চলছে বিক্রি। পাইকারি প্রতি কেজি ১২০ টাকা থেকে ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। সব মিলিয়ে ৩ লাখ টাকা খরচ হলেও এ পর্যন্ত ৫ লাখ টাকার বেশি বিক্রি হয়েছে। খেতে যে পরিমাণ ফল আছে, তা বিক্রি করে আরো ৫ লাখ টাকা আয় হবে।

ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃপাংশু শেখর বিশ্বাস বলেন, তিনি নিজেও খেতটি দেখেছেন। আগামীতে পুষ্টিগুণসমৃদ্ধ ক্যাপসিকাম চাষে কৃষকদের উত্সাহিত করা হবে।  আলমগীর কবিরের ক্যাপসিকাম খেত দেখতে চাষিদের উত্সাহ দেওয়া হচ্ছে। এটি একটি সম্ভাবনাময় ফসল।