বর ও কনের ভাইকে জরিমানা

আপডেট : ০৬ মার্চ ২০২০, ২১:৩২

রংপুরে বাল্যবিবাহ

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুরের কাউনিয়ায় বাল্যবিবাহ দেওয়ার অপরাধে বর ও কনের ভাইকে ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ উলফত্ আরা বেগম এ রায় প্রদান করেন। আদালত সূত্রে জানা গেছে, উপজেলার টেপামধুপুর ইউনিয়নে রাজীব গ্রামের আব্দুস সামাদের মেয়ে মারুফিয়া ইশরাত শাহনাজের (১৫) সঙ্গে পীরগাছা উপজেলার অন্নদানগর গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে সাইফুল ইসলামের (২৬) মধ্যে বাল্যবিবাহের প্রস্তুতি চলছে। এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে বর ও কনের ভাইকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভ্রাম্যমাণ আদালতে বাল্যবিবাহ দেওয়ার অপরাধে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরে বর সাইফুল ইসলাম ও কনের ভাই শামীম রেজা কনের বয়স আঠারো বছরের আগে বিয়ের আয়োজন করবে না শর্তে মুচলেকা প্রদান করেন।