নেত্রকোনা-৩ আসন

নৌকার পক্ষে সমর্থন জাতীয় পার্টি প্রার্থীর

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ২২:১৩

কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতা

নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে আওয়ামী লীগ প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিলের নৌকা প্রতীকের পক্ষে সমর্থন জানিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী কেন্দ্রীয় জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন ভূইয়া।

সোমবার কেন্দুয়া উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে পৌর শহরের উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত কর্মী সভায় তিনি নৌকার পক্ষে এ সমর্থন দেন। সভায় উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল আউয়াল মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন নেত্রকোনা-৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী অসীম কুমার উকিলের স্ত্রী কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অধ্যাপক অপু উকিল, জাতীয় পার্টির প্রার্থী জসিম উদ্দিন ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা ও পৌর মেয়র আসাদুল হক ভূইয়া প্রমুখ।

সভায় উপস্থিত জাতীয় পার্টির সকল নেতাকর্মীকে সব ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী মাঠে কাজ করারও আহবান জানান জাতীয় পার্টির প্রার্থী কেন্দ্রীয় জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন ভূইয়া।