টুকিটাকি

আপডেট : ০৬ মার্চ ২০২০, ২১:৫৭

মাশরাফির শেষ টস

সব ঠিক থাকলে এই দৃশ্য আর কখনো আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে না। আর কখনো আন্তর্জাতিক ক্রিকেটে টস করতে নামবেন না মাশরাফি বিন মুর্তজা। গতকাল শেষবারের মতো ওয়ানডেতে টস করতে নামলেন মাশরাফি। সঙ্গী ছিলেন জিম্বাবুয়ের অধিনায়ক শন উইলিয়ামস। এই শেষ টসটা অবশ্য মাশরাফি হারলেন। এটা ছিল ওয়ানডেতে মাশরাফির ৮৮তম ম্যাচে টস করতে নামা। এই নিয়ে ৪৬ বারই টস হারলেন তিনি। আর ৪২ বার টস জিতেছেন মাশরাফি। সবচেয়ে বেশি ১০ বার টস জিতেছেন এই জিম্বাবুয়ের বিপক্ষেই। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ওয়ানডে ম্যাচে টস করার অভিজ্ঞতা এই মাশরাফিরই। দ্বিতীয় সর্বোচ্চ ৬৯ ওয়ানডেতে টস করেছেন হাবিবুল বাশার। মাশরাফি সব ফরম্যাট মিলিয়ে ১১৭ ম্যাচে অধিনায়কত্ব করেছেন। এর মধ্যে ৫৬ ম্যাচে টসে জিতেছেন তিনি।

সিকান্দারের ১০০

জিম্বাবুয়ের হয়ে গতকাল নিজের শততম ওয়ানডে খেলতে নামলেন সিকান্দার রাজা। জিম্বাবুয়ের ১৭তম ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন সিকান্দার। এই দেশটির হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে খেলার রেকর্ড এখনো গ্র্যান্ট ফ্লাওয়ারের; তিনি ২২১টি ওয়ানডে খেলেছিলেন। দ্বিতীয় সর্বোচ্চ, ২১৩টি ওয়ানডে খেলেছেন অ্যান্ডি ফ্লাওয়ার। জিম্বাবুয়ের বর্তমান দলে সিকান্দার ছাড়াও শত ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে ব্রেন্ডন টেলর ও শন উইলিয়ামসের।

 টেলর ১৯৬তম ম্যাচ খেলতে নেমেছিলেন গতকাল। আর শন গতকাল খেলেছেন নিজের ১৩৩তম ম্যাচ। জিম্বাবুয়ের হয়ে ২০০ ম্যাচ খেলেছেন চার জন ক্রিকেটার। ফ্লাওয়ার ভাইয়েরা ছাড়াও এলটন চিগুম্বুরা ও হ্যামিলটন মাসাকাদজা খেলেছেন ২০০ ম্যাচ।

দুই অভিষেক

এক ম্যাচে একাধিক খেলোয়াড়ের অভিষেক বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। অভিষেক ওয়ানডে বাদ দিলে এক ম্যাচে চার জনের অভিষেক ঘটারও রেকর্ড আছে বাংলাদেশের। গতকাল দুই তরুণের অভিষেক হলো বাংলাদেশ দলের হয়ে। বাংলাদেশের জার্সি গায়ে চড়ালেন আফিফ হোসেন ধ্রুব ও নাঈম হাসান। বাংলাদেশের হয়ে সর্বশেষ দুই জনের একসঙ্গে ওয়ানডে অভিষেক হয়েছিল ২০১৮ সালে। এশিয়া কাপে, আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে অভিষেক হয়েছিল আবু হায়দার রনি ও নাজমুল হোসেন শান্তর। ২০১৬ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে নেলসনে একসঙ্গে অভিষেক হয়েছিল তিন ক্রিকেটারের।