জিম্বাবুয়ের টি-২০ দল ঘোষণা

আপডেট : ০৬ মার্চ ২০২০, ২১:৫৯

স্পোর্টস রিপোর্টার

সিরিজের একমাত্র টেস্টে বাংলাদেশের কাছে বিধ্বস্ত হয়েছিল জিম্বাবুয়ে ক্রিকেট দল। ওয়ানডে সিরিজেও টাইগারদের কাছে পাত্তা পায়নি সফরকারীরা। সিলেটে রান বন্যায় জিম্বাবুয়েকে ভাসিয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। সিরিজের শেষান্তে ক্রিকেটের খুদে সংস্করণে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টি-২০ সিরিজের জন্য দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে।

টি-২০ সিরিজে জিম্বাবুয়ে দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ব্যাটসম্যান চামু চিবাবা। দলে আছেন আরো অভিজ্ঞ ক্রিকেটার ব্রেন্ডন টেইলর, সিকান্দার রাজা, শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিন। ওয়ানডে সিরিজে দারুণ খেলে টি-২০ দলেও ডাক পেয়েছেন অলরাউন্ডার ওয়েসলি মাধেভেরে।

জিম্বাবুয়ে মূলত ওয়ানডে সিরিজের দলটিই রেখে দিয়েছে টি-২০ সিরিজের জন্য। ওয়ানডে সিরিজ খেলতে জিম্বাবুয়ে এবং বাংলাদেশ দল এখন সিলেটে অবস্থান করছে। ওয়ানডে সিরিজ শেষে আজই ঢাকায় ফেরার কথা দুই দলের।

এর আগে গত ৫ মার্চ টি-২০ সিরিজের দল ঘোষণা করেছিল বাংলাদেশও। দলে নতুন মুখ বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ। দলে ফিরেছেন মুশফিকুর রহিম, মোহাম্মদ সাইফউদ্দিন। আর দল থেকে বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন ও রুবেল হোসেন।

আগামী ৯ মার্চ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি-২০ ম্যাচ। একই ভেন্যুতে দ্বিতীয় ও শেষ ম্যাচটি মাঠে গড়াবে হবে ১১ মার্চ।

জিম্বাবুয়ের টি-২০ দল: চামু চিবাবা (অধিনায়ক), টিমসেন মারুমা, সিকান্দার রাজা, ক্রেইগ আরভিন, তিনাশি কামুনহুকামুই, ওয়েসলে মাধেভেরে, ক্রিস্টোফার এম পোফু, টিনোটেন্ডা মুতুমবোজি, রিচমন্ড মুতুম্বামি (উইকেট রক্ষক), আইন্সলে এনলুভু, ব্রেন্ডন টেইলর, ডোনাল্ড তিরিপানো, চার্লটন শুমা, কার্ল মাম্বা ও শন উইলিয়ামস।