দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ
স্পোর্টস ডেস্ক
ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার সুযোগ দক্ষিণ আফ্রিকার সামনে। এই সুযোগটি কাজে লাগাতে মরিয়া প্রোটিয়ারা। এমনটাই জানালেন দলটির অধিনায়ক কুইন্টন ডি কক। এদিকে অস্ট্রেলিয়া সেটা ঠেকানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে, জানিয়েছেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
প্রথম দুই ওয়ানডে জিতে এরই মধ্যে সিরিজ জয় নিশ্চিত করে রেখেছে দক্ষিণ আফ্রিকা। আজ শনিবার তৃতীয় ও শেষ ওয়ানডে জিততে পারলে দ্বিতীয়বার অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করবে প্রোটিয়ারা। এর আগে ২০১৬ সালে দেশের মাটিতে এই স্বাদ পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। তার পুনরাবৃত্তির লক্ষ্যেই আজ মাঠে নামবে স্বাগতিকরা।
সফরের শুরুতে তিন ম্যাচের টি-২০ সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ২-১ ব্যবধানে হারে দক্ষিণ আফ্রিকা। গেল এক বছরে ক্রিকেটের তিন ফরম্যাটে কোনো সিরিজই জিততে পারেনি প্রোটিয়ারা। তাই সিরিজ জয়ের জন্য মরিয়া ছিল দক্ষিণ আফ্রিকা।
প্রথম দুই ওয়ানডেতে দাপট দেখিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। প্রথম ওয়ানডে ৭৪ রানে ও দ্বিতীয়টি ৬ উইকেটে জিতে প্রোটিয়ারা। তৃতীয় ওয়ানডেতে তাই অজিদের ধবল ধোলাইয়ের সুবর্ণ সুযোগ ডি ককের দলের সামনে। ২০১৬ সালের হোয়াইটওয়াশ স্মৃতিতে উজ্জীবিত হয়ে অস্ট্রেলিয়াকে আরো একবার ধবল ধোলাইয়ের স্বপ্ন ডি ককের। দক্ষিণ আফ্রিকা অধিনায়কের ভাষ্য,‘দীর্ঘদিন পর আমরা কোনো সিরিজ জিতলাম। সত্যি, আমাদের দলের ভেতরকার চিত্র পালটে গেছে। আমরা এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। তৃতীয় ম্যাচ জিতে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে চাই আমরা। অতীতেও আমরা এমন একবার করেছিলাম। সেই স্মৃতিও আমাদের সাহস দিচ্ছে।’
হোয়াইটওয়াশ রুখে জয় দিয়ে সিরিজ ও সফর শেষ করার ইচ্ছা পোষণ করলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ, ‘সিরিজে আমরা খুব বেশি ভালো করতে পারেনি। কখনো ব্যাটিং, আবার কখনো বোলিং খারাপ করেছি। প্রয়োজনীয় সময়ে জ্বলে উঠতে ব্যর্থ আমরা। তবে ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে আমাদের। সিরিজের শেষ ম্যাচে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না দল।’ -বাসস
