কুমিল্লা ভেন্যুর সূচনা আজ

আপডেট : ০৬ মার্চ ২০২০, ২২:০০

মুখোমুখি মোহামেডান-বসুন্ধরা

স্পোর্টস রিপোর্টার

প্রিমিয়ার ফুটবল লিগের যে কয়টি ভেন্যুতে খেলা হচ্ছে এর মধ্যে কুমিল্লা নতুন। মোহামেডান এবং বসুন্ধরা কিংসের খেলা দিয়ে আজই প্রথম দেশের ফুটবলের প্রথম শ্রেণির ভেন্যু হতে যাচ্ছে শহরের ধর্মসাগর পাড়ের শহিদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়াম। বিকাল তিনটায় শুরু হবে খেলাটি। মোহামেডান গত বৃহস্পতিবার কুমিল্লায় যাওয়ার পর গতকাল সেখানে অনুশীলনও করেছে ।

বসুন্ধরা কিংস ১১ মার্চ এএফসি কাপ ফুটবলে গ্রুপ পর্বের খেলায় মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাবের বিপক্ষে খেলবে। হাতে আছে দুই দিন। লিগের আজকের ম্যাচটার সময়টা পরিবর্তন করার কথা বলেছিল বসুন্ধরা। কারণ আট দিনের ব্যবধানে লিগের দুুই ম্যাচ এবং আন্তর্জাতিক ম্যাচ একটা। ভালো খেলার ক্ষেত্রে বড়ো অন্তরায় ঘন ঘন ম্যাচ। বসুন্ধরা চেয়েছিল খেলাটা একটু ঘুরিয়ে দিতে। যেন অন্য কোনো দিনে করা যায়। তাহলে এএফসি কাপের ম্যাচের আগে প্রস্তুতিটাও ভালো হয়। তাছাড়া কুমিল্লায় এ ভেন্যুতে সম্প্রতি ক্রিকেট টুর্নামেন্ট হয়ে গেছে। মাঠ ভালো না, খেলোয়াড়রা ইনজুরিতে পড়তে পারে, এমন আশঙ্কাও আছে। এএফসি কাপের ম্যাচটির আগে খেলোয়াড়দের ইনজুরি হলে ক্ষতি হবে দলের। বসুন্ধরার এসব কথা আমলে নেয়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কারণ মাঠ ভালো না একথা মানতে রাজি না বাফুফে। মাঠে পিচ সরিয়ে ঘাস লাগানো হয়েছে। রোল করা হয়েছে মাঠে।

বাফুফে বলছে এখন মাঠ পুরোপুরি ভালো। আজকের ম্যাচ নিয়ে বসুন্ধরা চিঠি দিয়েছিল বাফুফেকে। কিন্তু বাফুফে তা নাকচ করে জানিয়ে দিয়েছে খেলতে হবে। এ ব্যাপারে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বললেন,‘ফিকশ্চার আগেই দেখেছেন ক্লাব কর্মকর্তারা। সেভাবেই খেলা হচ্ছে। কুমিল্লা খুব বেশি দূরে নয়।’