স্পোর্টস ডেস্ক
ভুয়া পাসপোর্ট নিয়ে প্যারাগুয়েতে গেলেও প্যারাগুয়ের কৌঁসুলিরা রোনালদিনহোকে অভিযুক্ত করবে না। যদিও সাবেক বার্সেলোনা তারকা অপরাধ স্বীকার করেছেন। শুধু তাই নয়, এ জন্য বিকল্প শাস্তির মুখোমুখি হতে রাজি হয়েছেন তিনি।
তদন্তের দায়িত্বে থাকা প্যারাগুয়ের শীর্ষ কর্মকর্তা গত বৃহস্পতিবার এ তথ্য জানান। ব্রাজিলের এই ফুটবল কিংবদন্তিকে জরিমানা করা বা সেবামূলক কোনো দায়িত্ব দেওয়ার কথা ভাবছেন দেশটির কৌঁসুলিরা।
ব্রাজিলের হয়ে ২০০২ সালের বিশ্বকাপ জেতা রোনালদিনহো ও তার ভাই রবার্তোকে জাল পাসপোর্ট রাখার কারণে প্যারাগুয়ের দ্য রিসোর্ট ইয়ট অ্যান্ড গলফ ক্লাব থেকে গ্রেফতার করা হয়েছিল।
মূলত বেআইনি ভাবে একটি চিনির কল নির্মাণের জন্য ব্রাজিল সরকার রোনালদিনহোকে ৬.৫ মিলিয়ন পাউন্ড জরিমানার পাশাপাশি ২০১৮ সালে তার আসল পাসপোর্টটি জব্দ করে। কিন্তু, একসময় বিশ্ব ফুটবল দাঁপিয়ে বেড়ানো রোনালদিনহোর সেই জরিমানার অর্থ পরিশোধের সামর্থ্য ছিল না।
তাই তিনি আর নিজের পাসপোর্ট ফেরত পাননি। এ কারণেই জাল পাসপোর্ট ব্যবহার করে প্যারাগুয়েতে যান।
এদিকে কৌঁসুলি ফেদেরিকো দেলফিনো জানিয়েছেন, রোনালদিনহো ও তার ভাই অনিচ্ছাকৃতভাবে অপরাধ করেছেন। তাই তারা বিকল্প শাস্তিরর কথা ভেবে রেখেছেন। তবে তার সুপারিশ গ্রহণযোগ্য হবে কিনা সেটা আদালতই ঠিক করবে। সুপারিশ আদালত গ্রহণ করলে সেক্ষেত্রে রোনালদিনহোকে জরিমানার অর্থ স্থানীয় কোনো চ্যারিটি ফান্ডে দিতে হবে।
ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপ জেতা এই সাবেক তারকার আইনজীবীও জানিয়েছেন, সেবামূলক কাজ বা জরিমানা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে রেখেছেন রোনালদিনহো।
একটি চ্যারিটি ইভেন্টে অংশ নিতে গত বুধবার প্যারাগুয়ে যান তিনি। রাজধানীর পাশে যে হোটেলে তিনি উঠেছিলেন, সেখানে কয়েকজন তদন্তকারী কর্মকর্তা গিয়ে তাদের কাছে ভুয়া কাগজপত্র পেয়েছিলেন বলে অভিযোগ করেন।
