ইত্তেফাক রিপোর্ট
আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে শুরু হয়েছে নাসির আলী মামুনের ‘জয় বঙ্গবন্ধু’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। আলোকচিত্রী নাসির আলী মামুন সত্তর দশকের গোড়ার দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনেকগুলো প্রতিকৃতি ধারণ করেছিলেন। সেই সব ঐতিহাসিক ছবি দিয়ে সাজানো আলোকচিত্র প্রদর্শনীর শিরোনাম দেওয়া হয়েছে : ‘জয় বঙ্গবন্ধু’। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে আয়োজিত এই প্রদর্শনী উত্সর্গ করা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সকল মুক্তিযোদ্ধার প্রতি।
প্রদর্শনীটির উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জ্যঁ মারা সু। সম্মানিত অতিথি ছিলেন স্বনামধন্য শিল্পী শাহাবুদ্দিন আহমেদ। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার পরিচালক অলিভিয়ে দতজে অতিথিদের স্বাগত জানান এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
প্রদর্শনী চলবে ২৪ মার্চ পর্যন্ত। সোমবার থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে।
