ইত্তেফাক রিপোর্ট
বাজেটে গুণগতমান উন্নয়নের দিকে গুরুত্ব না দিলে প্রকৃত উন্নয়ন হবে না। নারী-পুরুষের সমতার জন্য যে বাজেট বরাদ্দ হচ্ছে তার প্রকৃত ব্যবহার হচ্ছে না। জেন্ডার বাজেটের মূল উদ্দেশ্য হওয়া উচিত নারীর ক্ষমতায়ন। বাজেট প্রণয়নে দেখা যায় জেন্ডার ফোকাল পারসনের অভাব রয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ মহিলা পরিষদের আনোয়ারা বেগম মুনিরা খান মিলনায়তনে ‘জেন্ডার বাজেট পরিবীক্ষণ ও মূল্যায়নবিষয়ক’ প্রাক বাজেট আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
সভাপতির বক্তব্যে পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বলেন, সমতা প্রতিষ্ঠার ক্ষেত্রে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে গুরুত্ব দিতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের হেল্থ ইকোনমিক্স ইউনিট হেল্থ সার্ভিসেস ডিভিশনের মহাপরিচালক ড. মো. শাহাদাত হোসেন মাহমুদ বলেন, বাংলাদেশে বাজেট প্রণয়নের ক্ষেত্রে ওপর থেকে চাপিয়ে দেওয়া হয়। জেন্ডার বাজেট প্রণয়নের ক্ষেত্রে সকল ক্ষেত্রে নারী, পুরুষ তৃতীয় লিঙ্গের প্রতিনিধিদের চাহিদা এবং প্রয়োজনগুলো মূল্যায়ন করতে হবে।
মূল বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, জেন্ডার বাজেটের মূল উদ্দেশ্য হওয়া উচিত নারীর ক্ষমতায়ন। আরো বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শরমিন্দ নিলোর্মী, পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু প্রমুখ।
