পঞ্চগড়-১ আসনে ছেলেকে জেতাতে গণসংযোগে ব্যস্ত জমিরউদ্দীন

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ২২:১৪

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়-১ আসনে ছেলেকে জিতিয়ে আনতে রাত দিন গণসংযোগ, পথসভা ও জনসভা করছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক স্পিকার ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকার। তার ছেলে ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির বিএনপি প্রার্থী হিসেবে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক।  এই আসনে বিভিন্ন দলের ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও নৌকা এবং ধানের শীষের মধ্যেই হবে মূল লড়াই। নৌকা প্রতীকের আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি মজাহারুল হক প্রধানের বিরুদ্ধে লড়ছেন নওশাদ। নির্বাচনী প্রচারণায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছেলের যোগ্যতার কথা তুলে ধরে বলছেন, আগামীতে তরুণরাই এই দেশ পরিচালনা করবে। আমরা তরুণদের হাতে বাংলাদেশকে তুলে দিতে চাই। ৮৮ বছর বয়সের প্রবীণ এই নেতা আরো বলেন, উপমহাদেশে এই বয়সে আর কেউ সংসদে নেই। তরুণদের এখন জায়গা করে দেয়া উচিত। তাই ছেলেকে এই আসনে প্রার্থী করেছি। আমার রাজনৈতিক উত্তরসুরী হিসেবে সে এখন এই আসনে রাজনীতি করবে। ছেলে প্রসঙ্গে তিনি বলেন, আমার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে লেখাপড়া শেষ করে বিশ্ববিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়া-লেখা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে ফাস্টক্লাস ফাস্ট হয়েছিল। সে সময় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ থেকে সে একাই সুযোগ পেয়েছিল। সে দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে যুক্ত আছে। বেগম খালেদা জিয়ার সকল মামলাতে আইনি লড়াই করছে সে। ছেলে বলে বলছি না এই আসনে তার চেয়ে যোগ্যতাসম্পন্ন প্রার্থী নেই বললেই চলে। এমনকি  বিএনপিতেও তার চেয়ে মেধাসম্পন্ন প্রার্থী থাকলে আমি তাকেই নির্বাচনে অংশ নেয়ার পরামর্শ দিতাম।