যৌতুক না দেওয়ায় পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট : ০৬ মার্চ ২০২০, ২২:২৪

বাড্ডায় কুলসুম হত্যা

ইত্তেফাক রিপোর্ট

স্বামী, শাশুড়ি ও তিন বছরের পুত্র সন্তান ঈশালকে নিয়ে কুলসুমের সংসার ছিল সুখের। বিয়ের ৫ বছর পর থেকে স্বামী যৌতুক হিসেবে ঢাকায় একটি ফ্ল্যাট কিনে দিতে বলে স্ত্রীর কাছে। কুলসুমের বাবার পক্ষে ফ্ল্যাট কিনে দেওয়া সম্ভব ছিল না। এরপর থেকে স্বামী এমদাদ হোসেন ইমন শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকে কুলসুমের ওপর। এর ধারাবাহিকতায় গত ২৫ জানুয়ারি রাজধানীর মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্টের ১২ নম্বর রোডের ৩১ নম্বর বাড়ির ৬ষ্ঠ তলার ফ্ল্যাটে কুলসুমকে পিটিয়ে হত্যা করে লাশ ওড়না দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যায় ইমন ও তার মা মনোয়ারা বেগম। এরপর তারা ময়নাতদন্ত রিপোর্ট প্রভাব বিস্তার করে পরিবর্তন করার চেষ্টা করছে। গতকাল ক্রাইম রিপোর্টার্স বহুমুখী সমবায় সমিতি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন নিহতের ছোটো ভাই নিজাম উদ্দিন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন নিহতের ফুফাত ভাই তারেক ইমতিয়াজ খান। এসময় উপস্থিত ছিলেন ভগ্নিপতি সারোয়ার আহমেদ কাওসার ও নিহতের তিন বোন ।

এই অবস্থায় উম্মে কুলসুম হত্যাকাণ্ডের দৃষ্টান্তুমূলক বিচার ও আসামিদের দেওয়া হুমকি থেকে রেহাই পেতে স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের আইজির সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগীরা।