‘বাঁচাও বাঁচাও’ অতঃপর সবশেষ

আপডেট : ০৬ মার্চ ২০২০, ২২:২৫

ইত্তেফাক রিপোর্ট

শেরেবাংলা নগর বাণিজ্যমেলা মাঠে আগুনে দগ্ধ হয়ে মারা গেছে অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবক। পুলিশ ধারণা করছে, ঐ যুবক আত্মহত্যা করেছেন। শেরেবাংলা নগর থানার এসআই নজরুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার রাতে বাণিজ্যমেলা মাঠে গায়ে আগুন অবস্থায় ঐ যুবক দৌড়াদৌড়ি করতে থাকেন এবং বলতে থাকেন বাঁচাও বাঁচাও। এ দৃশ্য দেখে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে আগুন নেভানোর চেষ্টার আগেই ঘটনাস্থলেই মারা যান তিনি। নিহত যুবকের পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে, নিজেই গায়ে আগুন দিয়ে তিনি আত্মহত্যা করেছেন।

পুলিশ আরো জানায়, ময়নাতদন্তের জন্য মরদেহ শহিদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।