বর্তমান সরকার সকল ক্ষেত্রেই উন্নয়ন করেছে ---------------পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ২২:১৪

দিনাজপুর অফিস

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, বর্তমান সরকারের আমলে দেশের সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। এই উন্নয়ন থেকে চিরিরবন্দর খানসামাও পিছিয়ে থাকেনি। এই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে এলাকার উন্নয়নে সামিল হতে হবে।

মঙ্গলবার চিরিবন্দরের বিভিন্ন গ্রামে নৌকা মার্কার নির্বাচনী প্রচারণাকালে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টার, ব্যানার, লিফলেটগুলোতে দলীয় সভাপতি বা প্রধানের ছবি ব্যবহারের নির্দেশনা রয়েছে। সেদিক থেকে আমাদের পোস্টার, ব্যানারগুলোতে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ছবি ব্যবহার করছি। ইসির প্রতি সম্মান রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি পর্যন্ত আমরা ব্যবহার করিনি। অথচ বিএনপির প্রার্থীরা পোস্টার, ব্যানার, লিফলেটগুলোতে তাদের দলের বর্তমান প্রধানের ছবি ব্যবহার না করে বেগম জিয়ার ব্যবহার করে নির্বাচনী আইন লঙ্ঘন করেছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি তারেক বাবাজির ছবি ব্যবহার না করে বেগম জিয়ার ছবি ব্যবহার করার কারণ হচ্ছে বেগম জিয়া এতিমের টাকা চুরির অপরাধে জেলহাজতে আছে আর তারেক বাবাজির ২০০৪ সালে গ্রেনেড হামলায় মানুষকে মারার অপরাধে যাবজ্জীবন জেল হয়েছে। মানুষকে খুন করার চেয়ে এতিমের টাকা চুরির অপরাধ কম হওয়ায় তারা তারেক বাবাজির ছবি ব্যবহার না করে এতিমের টাকা চুরির অপরাধে কারাবাসকারী বেগম জিয়ার ছবি ব্যবহার করছে।

এ সময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।