করোনা আতঙ্কে পতন বৈশ্বিক শেয়ারবাজারে

আপডেট : ০৬ মার্চ ২০২০, ২২:৩৭

ফের পতন বৈশ্বিক শেয়ারবাজারে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, করোনা ভাইরাসের প্রভাবে বিশ্ব অর্থনীতিতে যে শঙ্কা তৈরি হয়েছে তার প্রভাব পড়েছে বড়ো বড়ো শেয়ারবাজারে। গতকাল লন্ডনের শেয়ারবাজারের প্রধান সূচক ৩ শতাংশ কমেছে। পতন দেখা গেছে ইউরোপের অন্য দেশগুলোতেও। এশিয়ার শেয়ারবাজারগুলোও খারাপ সময় পার করেছে। জাপানের নিক্কি সূচক পড়েছে ২ দশমিক ৭ শতাংশ। আগের সপ্তাহেও ৩ শতাংশ দর হারিয়েছে জাপানের শেয়ারবাজার। এদিকে রাশিয়ার শেয়ারবাজারেও দর কমেছে শোয়া ৫ শতাংশের বেশি। এর আগের সপ্তাহটিও শেয়ারবাজারের জন্য সুখবর ছিল না। ২০০৮ সালের মন্দার পর বিশ্বের শেয়ারবাজার এখন সবচেয়ে অস্থির সময় পার করছে। সবচেয়ে খারাপ যাচ্ছে বিমান সংস্থাগুলোর শেয়ার দর। দেশেভেদে ১৪ থেকে ২৬ শতাংশের বেশি দর কমেছে বিমান সংস্থাগুলোর শেয়ার দর। গেল সপ্তাহে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদ হার কমানোর ঘোষণা          দিয়েছে। চাহিদা কমে আসায় জ্বালানি তেলের দরও কমছে। গতকাল আরো দুই শতাংশ কমে ব্যারেল প্রতি অপরিশোধিত জ্বালানি তেলের দর ৪৭ দশমিক ৮৪ ডলারে নেমেছে। ২০১৭ সালের পর এত নিচে নামেনি তেলের দাম।