ইত্তেফাক রিপোর্ট
সাভারের আশুলিয়ায় সাজেদা বেগম নামে এক পোশাকশ্রমিককে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে সুজন নামে তার কথিত স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে সুজন পলাতক রয়েছে। গতকাল শুক্রবার দুপুরে আশুলিয়ার শুটিংবাড়ি এলাকার আলাউদ্দিনের মালিকানাধীন বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সাজেদা বেগমের গ্রামের বাড়ি বাগেরহাট জেলায়। তিনি আশুলিয়ায় একটি পোশাক কারখানায় অপারেটর পদে চাকরি করতেন। পুলিশ জানায়, গার্মেন্ট শ্রমিক সাজেদা বেগম ও তার স্বামী পরিচয়ে সুজন নামে এক ব্যক্তি আলাউদ্দিনের বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। তবে তারা প্রকৃত স্বামী-স্ত্রী ছিল কি না তা নিয়ে প্রতিবেশীদের সন্দেহ রয়েছে। শুক্রবার সকালে প্রতিবেশীরা সাজেদার ফ্ল্যাটের দরজা খোলা পেয়ে ভেতরে প্রবেশ করে। এ সময় সাজেদার নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় তারা। দুপুরে পুলিশ নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল মর্গে পাঠায়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আরমান আসাওয়াত জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ঐ নারীকে রাতে শ্বাসরোধে হত্যার পর তার কথিত স্বামী সুজন পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করে অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।
