‘সময়ের স্বরলিপি’ গ্রন্থের
মোড়ক উন্মোচন
ইত্তেফাক রিপোর্ট
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, ‘দলের জন্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর যে অবদান, যে ত্যাগ তা নেতাকর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। রিজভী দিনের পর দিন পল্টন অফিসে দিন কাটায়, ভাবিও তাকে সমর্থন দেন, উত্সাহ দেন। না হলে কীভাবে সে এখানে দিন কাটায়। পার্টি তার ধমনিতে মিশে গেছে। শত অত্যাচার নিপীড়ন নির্যাতন জেল-জুলুমের মধ্যেও কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির জন্য রাস্তায় নেমে মিছিল করছে রিজভী। যাদের করার কথা তাদের তো দেখি না। সে দলটাকে পাহারা দিচ্ছে। রিজভীর এই অবদান বিএনপির নেতাকর্মীরা কোনো দিন ভুলতে পারবে না।’ শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রিজভীর লেখা ‘সময়ের স্বরলিপি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মওদুদ এসব কথা বলেন। বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের এই বইটি পড়ার আহ্বান জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির সহসভাপতি এ জেড এম জাহিদ হোসেন, বইয়ের লেখক ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সংস্কৃতিবিষয়ক সম্পাদক চিত্রনায়ক আশরাফ উদ্দিন উজ্জ্বল, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া, গাজী মাজহারুল আনোয়ার, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি মাহবুবুর রহমান সুমন প্রমুখ উপস্থিত ছিলেন। অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ বলেন, সময়ের স্বরলিপি বইটি আমি দুই ঘণ্টার মধ্যে পড়ে শেষ করেছি। গ্রন্থটি খুবই আকর্ষণীয়। বইটি উত্সর্গ করা হয়েছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে।
বইয়ের টাকা ‘খালেদা জিয়া ফাউন্ডেশনে’ দেওয়ার ঘোষণা
নিজের লেখা বইয়ের টাকা দলের চেয়ারপারসন খালেদা জিয়া ফাউন্ডেশনে দেওয়ার ঘোষণা দেন রিজভী। সময়ের স্বরলিপি গ্রন্থটি এশিয়া পাবলিকেশন প্রকাশ করেছে। বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা।
