কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুর-১ আসনে শক্ত অবস্থানে রয়েছে আওয়ামী লীগ। আগামী নির্বাচনেও নিজেদের প্রার্থীর জয়ী হওয়ার আশা করছেন দলটির নেতা-কর্মীরা। এদিকে নাশকতাসহ বিভিন্ন মামলা-মোকদ্দমার আসামি হওয়ায় প্রকাশ্যে সক্রিয়ভাবে দলীয় কার্যক্রম চালাতে না পারলেও এই নির্বাচনে পালাবদল হবে বলছে বিএনপি।
কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুরাদ কবীর বলেন, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজের গাজীপুর আওয়ামী লীগের ঘাঁটি আর গাজীপুর-১ আসন আওয়ামী লীগের দুর্গ। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে আমরা নৌকা প্রতীকের জন্য দৃঢ়প্রতিজ্ঞ। তাছাড়া আওয়ামী লীগ প্রার্থী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক একজন মুক্তিযোদ্ধা এবং তার নেতৃত্বে ১৯৭১ সালের ১৯ মার্চে প্রথম গাজীপুরে ব্রিগেডিয়ার জাহান যেব এর উপর হামলা করা হয়। তাই তাকে ১৯ মার্চের মহানায়ক বলা হয়। পক্ষান্তরে ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী চৌধুরী তানভীর আহম্মদ সিদ্দিকী একজন চিহ্নিত রাজাকার। সে শান্তি কমিটির (পিস) কমিটির চেয়ারম্যান ছিল। বিগত জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর কাছে ধানের শীষ প্রার্থী চৌধুরী তানভীর আহম্মদ সিদ্দিকী ছয়বার পরাজিত হয়েছে। ইনশাল্লাহ বরাবরের মতো এবারও বিএনপি প্রার্থী চৌধুরী তানভীর আহম্মদ সিদ্দিকী নৌকা প্রতীকের কাছে পরাজিত হবে।
এদিকে দলীয় ঐক্য ও অতীতের উন্নয়নকে কাজে লাগিয়ে এ আসনটির পটপরিবর্তন করতে চায় বিএনপি।
কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল লতিফ বলেন, মানুষ পরিবর্তন চায়। সুষ্ঠু নির্বাচন হলে এবার গাজীপুর-১ আসনের ভোটাররা অবশ্যই ধানের শীষ প্রতীকের প্রার্থী চৌধুরী তানভীর আহম্মদ সিদ্দিকীকে ভোট দেবেন।
