বঙ্গবন্ধুর সমাধিতে প্রধান বিচারপতিসহ অন্যান্য বিচারপতিদের শ্রদ্ধা

আপডেট : ০৭ মার্চ ২০২০, ০০:৫৪

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন কর্মসূচির অংশ হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১২টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে এ শ্রদ্ধা নিবেদন করেন তারা। পরে বিচারপতিরা বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত শহিদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন। এ সময় মোনাজাত পরিচালনা করেন হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম।

পরে সেখানে থাকা শোক বইতে স্বাক্ষর করেন প্রধান বিচারপতি। ঐ বইতে তিনি লিখেছেন, ‘হে জাতির জনক লাল-সবুজের প্রিয় স্বদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুজিববর্ষে স্বাধীনতার মাসের এই দিনের আপনার প্রতি নিবেদন করছি আমাদের পরম বিনম্র্র শ্রদ্ধার্ঘ্য। আমরা হূদয় নিঃসৃত শ্রদ্ধায় স্মরণ করছি আপনার অদম্য বীরোচিত কীর্তি ও মানবিক দর্শন যা আমাদের নিয়ে চলেছে আলোর পথে। তাই এখন বাংলাদেশ ও মুজিব শব্দ দুটি সমার্থক। শান্তি প্রতিষ্ঠার বার্তাবাহী আপনি আজ বিশ্ববন্ধু। আমাদের গর্ব ও গৌরব। মুজিববর্ষের এই ক্ষণে সত্য ও মানবতার সাহসী সূর্য হে বাঙালি জাতির জনক আপনার পরলৌকিক কল্যাণ প্রার্থনায় আমরা সবাই বিনীত। সেই সঙ্গে আপনার স্বপ্নপূরণে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় সদা নির্মোহ ও সরব থাকার অঙ্গীকার করছি।

এর আগে গতকাল সকালে ঢাকা থেকে টুঙ্গিপাড়া যান বিচারপতিরা। পরে তারা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ছাড়াও জাদুঘর ঘুরে দেখেন।