গত দুই সপ্তাহে দেশের দুই পুঁজিবাজারেই শেয়ারের ব্যাপক দরপতন হয়েছে। ফের তলানিতে নেমে এসেছে সূচক। ফলে ফের বাজার মূলধনেও বড়ো ধাক্কা লেগেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) হিসাব অনুযায়ী, গত দুই সপ্তাহে বাজার মূলধন কমেছে প্রায় সাড়ে ২২ হাজার কোটি টাকা। গত সপ্তাহের শেষ কার্য দিবস বৃহস্পতিবার শেষে ডিএসইর বাজার মূলধন নেমে দাঁড়িয়েছে ৩ লাখ ৩৬ হাজার ৭৪৬ কোটি টাকায়। একইসঙ্গে ডিএসইর লেনদেনের গতিও নেমে এসেছে। সরকারের কিছু প্রণোদনার ঘোষণা ও ইতিবাচক সিদ্ধান্তের কারণে এর আগে ডিএসইর সূচক ও লেনদেনে বড়ো উল্লম্ফন দেখা গেলেও গত সপ্তাহে প্রতি দিন গড়ে লেনদেন নেমে এসেছে ফের ৪০০ কোটি টাকার ঘরে। বাজার পরিস্থিতি বিশ্লেষণে দেখা গেছে, গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমেছে ৬ হাজার ২৩৬ কোটি টাকা। আর এর আগের সপ্তাহে কমেছে ১৬ হাজার ২৭৮ কোটি টাকা। অন্যদিকে গত সপ্তাহ জুড়ে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ২ শতাংশের বেশি। আর লেনদেন কমেছে প্রায় ২২ শতাংশ।
