বিজিবি-গ্রামবাসী সংঘর্ষে হতাহতের ঘটনায় খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবির হাবিলদার ইসহাক আলীসহ ছয় বিজিবি সদস্যের বিরুদ্ধে অবশেষে মামলা নিয়েছে মাটিরাঙ্গা থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যার দিকে মামলাটি দায়ের করেছেন গুলিতে নিহত মো. মফিজ মিয়ার ছেলে মানিক মিয়া। হত্যা মামলা গ্রহণ করার কথা নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ শামছুদ্দিন ভুইয়া।
বাগানের গাছ পরিবহনের বাধা দেওয়াকে কেন্দ্র করে গত মঙ্গলবার মাটিরাঙ্গার গাজীনগরে গুলিতে প্রাণ হারান একই পরিবারের তিন জনসহ মোট পাঁচ জন। এর মধ্যে বিজিবি সদস্যও রয়েছেন।
একই পরিবারের তিন জনসহ চার গ্রামবাসীকে হত্যার অভিযোগে ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) হাবিলদার মো. ইসহাক আলীসহ ছয় জনের নাম উল্লেখ করা হয়। সাধারণ মানুষকে গুলি করার সময় বাঁধা দেওয়ায় বিজিবি সদস্য সিপাহী শাওন খানকে হাবিলদার ইসহাক আলী নিজের অস্ত্রে গুলি করে হত্যা করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
গত ৫ মার্চ একই ঘটনায় নিহত চার জনসহ ১৯ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে বিজিবি। মামলায় আরো অজ্ঞাত ৬০/৭০ জন গ্রামবাসীকে আসামি করা হয়েছে। সেই মামলা দায়ের করেছিলেন ৪০ বিজিবির হাবিলদার ইসহাক আলী।
উল্লেখ্য যে, গত মঙ্গলবার মাটিরাঙ্গা উপজেলার গাজীনগর এলাকায় গাছ পরিবহনে বাধা দেওয়াকে কেন্দ্র করে বিজিবি-গ্রামবাসী সংঘর্ষ ঘটে। তাতে এক বিজিবি সদস্য (সিপাহী শাওন) ও চার গ্রামবাসী নিহত হন।
এরমধ্যে তিন জন একই পরিবারের সদস্য। এছাড়া আহত মো. হানিফ নামে আরো একজন এখনো চট্টগ্রাম মেডিক্যালে চিকিত্সাধীন রয়েছেন।
