কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য সিরাজগঞ্জে এবারই প্রথম অনুষ্ঠিত হলো উনচত্বারিংশ জাতীয় রবিন্দ্রসংগীত সম্মেলন। রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের আয়োজনে গতকাল শুক্রবার বিকালে সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে সম্মেলনের উদ্বোধন করেন ভাষাসংগ্রামী ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সৈনিক কামাল লোহানী। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন পরিষদের সাধারণ সম্পাদক বুলবুল ইসলাম, রবীন্দ্রসংগীত সম্মেলন পরিষদ সিরাজগঞ্জ শাখার সাধারণ সম্পাদক নূরে আলম হীরা, শুভেচ্ছা বক্তব্য দেন সম্মেলন উদ্যাপন পরিষদ সিরাজগঞ্জের আহ্বায়ক টি এম সোহেল। এরপর গুণীজনের ‘রবিরশ্মি‘ শীর্ষক সুবচন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্বজিত্ ঘোষ।
এরপর অবৃত্তি, পাঠ, নৃত্য ও গানে সাজানো হয় এ আয়োজন। সম্মেলনে প্রদান করা হবে ‘রবীন্দ্র পদক ২০২০, । এবার এ পদক পাচ্ছেন দেশের প্রথিতযশা রবীন্দ্রসংগীতশিল্পী ফাহমিদা খাতুন।
সম্মেলনে অংশ নিচ্ছেন দেশের বিভিন্ন অঞ্চলের রবীন্দ্রসংগীত ও রবীন্দ্র-আদর্শের প্রায় সাত শতাধিক শিল্পী, সাংস্কৃতিককর্মী ও সংগঠকবৃন্দ। তিন দিনের এ সম্মেলন শেষ হবে আগামীকাল ৮ মার্চ।
