চরফ্যাশনে উপসচিবের দাফন সম্পন্ন

আপডেট : ০৭ মার্চ ২০২০, ০১:০৭

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল কাদের চৌধুরীর (৫৯) লাশ জানাজা শেষে গতকাল শুক্রবার বেলা ১১টায় চরফ্যাশন উপজেলার দক্ষিণ মাদ্রাজ গ্রামে নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে সকালে লাশবাহী অ্যাম্বুলেন্সটি গ্রামের বাড়ি পৌঁছলে সেখানে এক হূদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। তাকে একনজর দেখার জন্য বাড়িটিতে স্বজন ও এলাকাবাসীর ভিড় জমে।

নিহত আব্দুল কাদের চৌধুরীর স্বজনরা জানান, বুধবার সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডের অফিসার্স কোয়ার্টারের বাসা থেকে দুর্গন্ধ বের হওয়ায় প্রতিবেশীরা থানায় খবর দেয়। পরে দরজা ভেঙে খাটের ওপর থেকে আব্দুল কাদের চৌধুরীর অর্ধগলিত লাশ উদ্ধার করে রমনা থানা পুলিশ। বৃহস্পতিবার ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে লাশ গ্রামের বাড়ি চরফ্যাশনে নিয়ে আসেন স্বজনরা। আব্দুল কাদের চৌধুরীর মামাতো ভাই কামাল হোসেন কবির বলেন, তিনি ছিলেন অবিবাহিত, ঐ কোয়ার্টারে তিনি একাই থাকতেন। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি।