নাসিরনগরে স্বামীর পক্ষে ভোট চাইতে মাঠে স্ত্রী

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ২২:১৫

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের আওয়ামী লীগ প্রার্থী বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপির পক্ষে প্রচারণার মাঠ চষে বেরাচ্ছেন তার স্ত্রী নাজনীন জাকিয়া। শীত উপেক্ষা করে সকাল থেকে রাত পর্যন্ত তিনি স্বামীর পক্ষে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। স্বামীর পক্ষে নারী ভোটারদের মন জয় করতে বিভিন্ন এলাকার পাড়া, মহল্লায় বাড়ি বাড়ি গিয়ে নারীদের সঙ্গে গণসংযোগ ও উঠান বৈঠক করে ভোট চাইছেন।

গণসংযোগ ও উঠান বৈঠককালে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার নারী উন্নয়নে বিপ্লব ঘটিয়েছে। নারীদের জন্য সরকার যুগান্তকারী প্রদক্ষেপ বাস্তবায়ন করেছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নারী সমাজকে আবারও নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান তিনি।

এ সময় মহিলা নেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না, পুতুল রানী দাসসহ নারী কর্মী ও স্বজনরা উপস্থিত ছিলেন।