/ সোহেল রানা
আবুল মিয়া মস্তবড় অফিস খুলে নিজে
ভাবটা দেখান তিনি এখন হয়ে গেছেন কি যে
তার অফিসে কর্মী আছে সংখ্যা কয়েক শত
‘স্যার’ বলে কেউ ‘বস’ও বলে সবাই নিজের মতো।
চুন থেকে পান খসলে তিনি গর্জে উঠেন জোরে
মাফ তো পাওয়া যায় না মোটেও হাত-পা চেপে ধরে
সেই না আবুল মিয়ার সেদিন কাণ্ড দেখার পরে
মুখ লুকিয়ে হাসলো সবাই নিজের অফিস ঘরে।
কাণ্ড কি তা বলছি শুনুন—সেদিন বিকাল বেলা
এক মহিলা অফিস এসে বাধায় কি ঝামেলা
আবুল মিয়া সিংহ থেকে বিড়াল ছানা সেজে
ভাব দেখালেন জানেন নাকো মাছটি খেতে ভেজে।
পরদিন ঠিক সকাল বেলা কাটিয়ে মনের ভয়
কর্মী সকল সেই মহিলার জানলো পরিচয়
আবুল মিয়া নিজেই বলেন লাগিয়ে তাতে রস—
বোঝেন না ক্যান? এই সমাজে নারীই আসল বস!
