টু দ্য পয়েন্ট লোক

আপডেট : ০৭ মার্চ ২০২০, ১৯:০৫

 

/ জুয়াইরিয়া জাহরা হক

 

এক জীবনে আসবে যাবে অযুত-কোটি জন, 

সবাই কি আর কাছের মানুষ, অতি আপন হন?

খুব প্রয়োজন, জীবন-মরণ, না আসলেই নয়,

এমন সময় কয়টা মানুষ সাহায্যতে রয়?  

 

ইতিহাসের পাতায় পাতায় বহুত আছে গল্প,

ভাই-বেরাদার-রক্ত, তবু স্বার্থ ছাড়ে অল্প!

জান কলিজা বন্ধু—বিশাল চাকরি পেয়ে চেঞ্জ,

দেখলে বলে, ‘আপনি কে ভাই, চিনছি না তো, স্ট্রেঞ্জ!’  

 

এমন কঠিন হাল জমানায় কিসের আবার নাটক?

কোন কারণে লোক দেখানো সুইট টকে আটক?

যায় না হওয়া শক্ত মানুষ, টু দ্য পয়েন্ট লোক?

কী যায় আসে আমার নামে কটূ কথা হোক! 

মিরপুর, ঢাকা