/ মো. ইউনুছ আলী
আমার মেয়ে ভাগ্যবতী
মেয়ের জামাই কেরানি,
জামাই বাবু রাজার মতো
আমার মেয়ে যে রাণী!
ওর কলমের মূল্য সে কি
এক খোঁচাতে লাখ টাকা,
টাকার থলে ঘরে এনে
মেয়েরে কয়, ‘রাখ টাকা’।
মেয়ের ঘরে সোনার পালং
এমন আছে ক’জনের?
হেব্বি পালং, বলব কী আর
তিরিশ কেজি ওজনের!
বাক্স ভরা রেশমি শাড়ি
আলনা কাঁপে কাপড়ে,
ওসব পরে তা ধিন নাচে
মেয়ের কত্ত দাপও রে!
দাপাদাপি-লাফালাফি
কে বলে তা ঠিক না রে?
মজার খাবার নিত্য খেয়ে
বাড়ছে মেয়ের চিকনা রে!
জকিগঞ্জ, সিলেট।
