/ মোহাম্মদ কামরুজ্জামান
বই না এলে বইমেলাতে কেমন করে ঢুকি?
বাইরে থেকেই তাই ভেতরে দিচ্ছি উঁকিঝুঁকি।
দেখছি চেয়ে বই প্রকাশের কত রকম নাটক,
এমন সময় পুলিশ এসে করল আমায় আটক।
বলল, ‘তুমি বাইরে কেন দাঁড়িয়ে আছ, ভ্রাতা!
ক্ষণে ক্ষণে ভেতর পানে বাড়াচ্ছ ক্যান্ মাথা?
কী পরিচয় বলো তোমার—পাঠক নাকি লেখক?
দু’হাত তুলে দু’দিক ধরো—পুরা বডি চেক হোক।’
বিনয় করে বলি, ‘আমি লেখক পাঠক—দু’টোই।’
পুলিশ বলে, ‘আসো, তোমার মামদোবাজি ছুটাই!
হয় জনগণ বাইরে থাকে নয় ভেতরে ঢোকে,
এক সাথে কি দুইটি দিকে থাকতে পারে লোকে?’
হেঁচকা টানে আমায় তুলে ঢুকিয়ে দিলো ঠেলে
পুলিশভ্যানে বসে আছি আমি সুবোধ ছেলে।
দোষ হয়েছে বিনয় করাই—বিনয় করার দোষে
পুলিশ আমায় ‘ভণ্ড’ বলে দিচ্ছে ধমক কষে,
‘একই মানুষ হয় কখনো লেখক এবং পাঠক?
পাগল বোঝাও! এ মাস পুরো থাকবে থানায় আটক।’
