প্রেমিকার আবদার প্রতি মাসে যে হারে বাড়ে না তার চেয়ে দ্রুত হারে বেড়ে চলছে গ্যাস, পানি, বিদ্যুতের দাম। তবে আমাদের দেশের বিশিষ্ট ব্যক্তিরা বলছেন এই দাম বৃদ্ধি জনগণের কল্যাণেই এবং জনগণ তা হাসি মুখেই মেনে নিয়েছে। এসব দাম বৃদ্ধিতে কী কী কল্যাণ থাকতে পারে, তাই খুঁজে দেখেছেন আল সানি
৩য় বিশ্বযুদ্ধ পেছানোর জন্য :প্রচলিত আছে ৩য় বিশ্বযুদ্ধ নাকি হবে পানির জন্য। সরকার প্রতি ঘন ফুট পানির দাম বৃদ্ধির ফলে জনগণ কম পানি ব্যবহার করবে। এতে পানি খরচ কম হবে। ঘাটতি না থাকার কারণে যুদ্ধও একটু দেরিতেই শুরু হবে।
নব সাহিত্যিক সৃষ্টির জন্য :ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি ল্যাম্পপোস্টের আলোর নিচে পড়াশোনা করতেন; সুকান্ত তো চাঁদটাকে ঝলসানো রুটি হিসেবে ভেবেই বিখ্যাত কবিতা লিখে ফেললেন। বিদ্যুতের দাম বাড়ার ফলে এখন অনেকেই চাঁদের দিকে তাকিয়ে কবিতা লিখবে; অনেকে বাড়ির বিদ্যুত্ খরচ কমানোর জন্য ল্যাম্পপোস্টের নিচে যেয়ে পড়ালেখা করবে। ফলে নতুন ঈশ্বরচন্দ্র কিংবা সুকান্তের জন্ম হবে।
নিজেদের ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য :আমাদের দেশের প্রাচীন ঐতিহ্য নদী থেকে পানি নিয়ে খাওয়া আর মাটির চুলায় রান্না করা। ডিজিটাল যুগে ইলেকট্রিক হিটারে রান্না আর ওয়াসার পানির ফলে আমরা ঐতিহ্য ভুলতে বসেছি। তাই দাম বৃদ্ধির কারণে অনেকেই আমাদের ঐতিহ্যকে আবার জাগিয়ে তুলবে, আর এতে রক্ষা পাবে আমাদের সংস্কৃতি।
সাউথইস্ট বিশ্ববিদ্যালয়।
