রাজশাহীর শ্রীরামপুর এলাকার পদ্মায় বর-কনে ও যাত্রীসহ দু’টি নৌকাডুবির ঘটনায় শনিবার নারী ও শিশুসহ আরও পাঁচটি লাশ উদ্ধার করা হয়েছে। এরা হলেন, কনের আত্মীয় শামীম (৩৫) ও তার মেয়ে রুশনি (৮), চাচি মনি খাতুন (৪৪), খালাতো ভাই এখলাস (২২) ও দুলাভাই রতন (৩৫)। এনিয়ে শুক্রবার রাতে একজনসহ ৬ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। কনেসহ এখনো তিনজন নিখোঁজ রয়েছেন।
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যা ৭টায় পদ্মার ওপারে চরখিদিরপুর থেকে নববধূ-বরকে নিয়ে এপারে ফেরার পথে শ্রীরামপুর এলাকার পদ্মায় বাক ঘুরতে গিয়ে দুইটি নৌকা পরস্পরের সংঘর্ষে ডুবে যায়। দুটি নৌকায় ১৭ নারী ও ৬ শিশুসহ অন্তত ৩৮ যাত্রী ছিল বলে জানা যায়।
এদিকে পদ্মায় নৌকাডুবির কারণ অনুসন্ধান ও ক্ষয়-ক্ষতি নিরূপণে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু আসলামকে ওই কমিটির আহ্বায়ক করা হয়েছে।
আরো পড়ুন: বোনকে সঙ্গে নিয়ে ‘জয় বাংলা কনসার্টে’ প্রধানমন্ত্রী
জানা যায়, শনিবার বিকালে শামীম ও তার মেয়ে রুশনির পরস্পরের জড়িয়ে ধরা লাশ উদ্ধার করা হয়। এদিন দুপুরে রতন ও এখলাসের এবং সকালে মনি বেগমের লাশ উদ্ধার হয়। বর চরখিদিরপুর গ্রামের মৃত ইনছার আলীর ছেলে আসাদুজ্জামান রুমন (২৫) সাঁতরে তীরে উঠায় প্রাণে বাঁচেন। তবে কনে পূর্ণিমা এখনো নিখোঁজ।
ইত্তেফাক/এএএম
