ইত্তেফাক রিপোর্ট
ঢাকা-৮ আসনে ‘নৌকা’ প্রতীকে মহাজোটের প্রার্থী ও ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেননের পক্ষে প্রচারণায় নেমেছেন তার স্ত্রী লুত্ফুন নেসা খান বিউটি। বিভিন্ন নারী সংগঠনের সহস্রাধিক নারী নেত্রী-কর্মীদের নিয়ে তিনি গতকাল মঙ্গলবার বিকালে রমনা থানার সামনে থেকে প্রচারণা শুরু করেন। স্বামী মেননের জন্য ভোট চেয়ে তিনি লিফলেট বিতরণ করেন। এ সময় লুত্ফুন নেসা খান বিউটি ভোটারদের উদ্দেশে বলেন, বিএনপি-জামায়াত জোট দেশকে সাম্প্রদায়িক মৌলবাদী চেতনায় পেছনে নিয়ে যেতে চায়। এদেশের নারী সমাজ তা কখনোই হতে দেবে না। মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতা ও অগ্রগতির ধারাকে এগিয়ে নিতে নারী সমাজকে ভূমিকা রাখতে হবে।
